২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অলি’ আর ‘বকুলের’ গানে বাঁচা হেমন্ত

কবীর সুমনকে হেমন্ত মুখোপাধ্যায় এক যন্ত্রণার কথা বলেছিলেন “টুটুল (সুমনের ডাকনাম), বড় কষ্ট রে, যেখানেই গাইতে যাই সেই ‘রানার’ আর ‘পাল্কির গান’-ই গাইতে হয়।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 10:18 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

এ যন্ত্রণাটার কথা নিয়ে খুব একটা শোনা যায় না। স্বার্থক জনপ্রিয় শিল্পীদের এই সমস্যাটা চিরকালীন। শ্রোতা তৈরি করতে গিয়ে নিজের গানটা গাইবার সুযোগ মেলে কম। এই অতৃপ্তি বাদ দিলে হেমন্ত মুখোপাধ্যায় যা পেয়েছেন এবং যা দিয়েছেন সেখানে কোনো কিছুর তুলনা চলে না।

হেমন্ত মুখোপাধ্যায়ের কিন্তু গান গাইবার কথা ছিল না।

তিনি ভাবতেন আট-দশটা বাঙালির মতো চাকরি করবেন। গানের গুরু উস্তাদ কেউ ছিল না। শুনে শুনে গুনগুনিয়ে শেখা। স্কুলে কেউ উনাকে গান গাইতে দেখে নি, ডাকেও নাই কোনো প্রতিযোগিতায়।

তাঁর বন্ধু ছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়।

তিনি বলেন- “চল তোকে রেডিওতে গাওয়াবো।”

তিনি অডিশন দিয়ে পাশ করলেন। বাসা থেকে গান বাজনায় তেমন সায় নেই। তবুও গাইলেন। সেই থেকে শুরু। তারপর স্কুল পাশ করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেন। কিন্তু তাঁর গানের নেশা।

গ্রামোফোনে রেকর্ড বের করবেন। কিন্তু শিল্পী ও গুনীজনরা তেমন আগ্রহ দেখান না। পরে ভাগ্যের সহায়তায় তাঁর রেকর্ড  বের হল। চলতো মোটামুটি। তিনি পড়াটা ছেড়ে দিলেন। ভাবলেন গান বাজনা করবেন আর একটা ক্লার্ক টার্কের চাকরি করবেন। এজন্য তিনি শর্টহ্যান্ডও শিখলেন।

কিন্তু বাংলা চলচ্চিত্র তখন দাঁড়াচ্ছে। তিনি সিনেমার সংগীত পরিচালনার কাজ শুরু করলেন। অনেক কাজ তখন তাঁর, ভীষণ ব্যস্ত। নতুন নতুন জায়গায় নিজেকে প্রমাণ করতে মরিয়া হতেন।

যেমন তিনি রবীন্দ্রনাথের গান পারতেন না। শিখে তৈরি হয়ে ১৯৪৪ সাল থেকে গাওয়া শুরু করেন। হেমন্তের রবীন্দ্র সংগীত একটু বেশি মাধুর্যময়। এমন নিখুঁত ব্যারিটোন ভয়েস পংকজ মল্লিক ছাড়া আর কারোর ছিল না।

পঞ্চাশের শুরুতে তাঁর বোম্বের হিন্দি ছবিতে কাজ শুরু। 'আনন্দমঠ' সিনেমায় সংগীত পরিচালক হলেন। তারপর থেকেই বোম্বের অন্যতম ব্যস্ত শিল্পী ও সংগীত পরিচালক। তখনও তিনি বাংলা গানটাও ছাড়েন নি। একাধারে সব গাইছেন।

ভূপেন হাজারিকার কাছ থেকে শেখা অসমীয়া ভাষার গান, পাঞ্জাবি, গুজরাটি, মালায়লাম অসংখ্য ভাষার গান গাচ্ছেন। টাকা জমিয়ে ছবিও প্রযোজনা করছেন। লতা মুঙ্গেশকারকে দিয়ে বাংলা গান গাওয়ানো তিনি শুরু করেছিলেন। একটা হিন্দি ছবিতে অর্থলগ্নী করে বিপদেও পড়েন। তবুও তার প্রযোজনার উদ্দীপনা আর গান গাওয়ার প্রতি নিবেদন ছিল অতুলনীয়।

প্রচুর জায়গায় গান গাইতেন। ষাটের শেষে একটা সময় বুঝে যান হিন্দি মার্কেটে খাপ খাচ্ছেন না। তিনিও কলকাতার দিকে আবার গুটিয়ে নিয়ে চলে যান।

গীতিকার গুলজারের একটা গল্প আছে, হেমন্ত মুখোপাধ্যায় আবেগ আক্রান্ত হয়ে বলছেন, “আর কবে না কবে দেখা হয়। তোমরা পারলে মনে রেখো।”

মনে রেখেছে তাকে সবাই। দেশে বিদেশে যেখানে গান গেয়েছেন তিনি মুগ্ধ করেছেন। বব মার্লের দেশ জ্যামাইকাতে গিয়েও অনেক জনপ্রিয় হন। তাঁকে দেখতে হাজারও মানুষ আসতো। সাধারণত তাঁরা ভারতীয় হলেও এরকম ভারতীয় শিল্পী দেখে নাই আগে। মোটামুটি উন্মাদনা হতো তাঁকে নিয়ে। আমেরিকা ইউরোপ হয়ে ইন্দোনেশিয়া জাপান সব খানেই পেয়েছেন অকুন্ঠ ভালোবাসা। কেউ কেউ বলতো, প্রাচ্যের ‘ফ্রাংক সিনাট্রা’।

হেমন্তের অসংখ্য গান। কোন গানের কথা বলবো! ‘ও নদীরে’, ‘অলির কথা বকুল হাসে’, ‘অবাক পৃথিবী’, ‘নীল আকাশের নিচে’, ‘এই রাত তোমার আমার’, ‘নীড় ছোট ক্ষতি নেই’, ‘আয় খুকু আয়’, ‘এই মেঘলা দিনে একলা’, বলে শেষ করা যাবে না।

হিন্দি গানের সংখ্যাও অনেক। কোনটা ছেড়ে কোনটা বলবো। অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন, সবচেয়ে বড় পুরষ্কার তো পেয়েছেন যুগের পর যুগ মানুষের  ভালোবাসা।

ইউটিউবে হাজার হাজার তার গানের 'কাভার' পাবেন। অসংখ্য শিল্পী শুধু তাঁর গান গেয়েই জীবিকা নির্বাহ করছে।

১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধেও রয়েছে অবদান। বিটিভির রজতজয়ন্তীতে সম্ভবত এসে গেয়েছিলেন, আর্কাইভে দেখাতো আগে। হেমন্ত বেঁচে থাকবেন আরও অনেকদিন। জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করবে সবাই। জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।

১৯২০ সালে জন্ম হয় এই শিল্পীর। বেঁচে থাকলে শতবর্ষী বটবৃক্ষ হতেন হেমন্ত মুখোপাধ্যায়।