সঙ্কটকালে ‘একসাথে’ শিল্পীদের উপলব্ধি
করোনাভাইরাস সঙ্কটে ঘরবন্দি সময়ে টিভি নাটকের অভিনয়শিল্পীদের যাতনা, উপলব্ধি নিয়ে ‘একসাথে’ শিরোনামে একটি চিত্রগাথা নির্মাণ করছেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।
বুধবার ফেইসবুক ও ইউটিউবে এটি প্রকাশ করা হয়েছে; কয়েক ঘণ্টার ব্যবধানে এটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
এতে ঘরবন্দি সময়ে নিজেদের উপলব্ধির কথা তুলে ধরেছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, সুবর্ণা মুস্তফা, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, শহীদুজ্জামান সেলিম, মাসুম রেজা, ফজলুর রহমান বাবু, জাহিদ হাসান, মৌ, তৌকীর আহমেদ, আফসানা মিমি, তারিন, অপি করিম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তাহসান, মম, সজলসহ ২০ জনেরও বেশি টিভি নাটকের অভিনয়শিল্পী।
নিজেদের ঘর থেকেই শিল্পীরা শুটিংয়ে অংশ নিয়েছেন বলে জানান আফজাল হোসেন।
তিনি বলেন, এটা কোনো নাটক নয়। এ চিত্রগাথায় নাটুকে চরিত্রও নয় কেউ। আসল মানুষেরা কথায় এবং নৈশব্দে ব্যক্ত করে গেছেন সময় ও নিজেকে।
“সবাই অনেকদিনের চেনা। টেলিভিশন নাটকে অনেক বছর ধরে বহু চরিত্রে অসাধারণ অভিনয় ক্ষমতা দেখিয়ে সকলেই সুবিখ্যাত। সেই প্রিয়রা একসাথে নিজ নিজ ক্যামেরার সামনে বসে, দাঁড়িয়ে, হেঁটে সংকটকালের বিচিত্র অনুভবের কথা ব্যক্ত করেছেন।”
চিত্রগাথায় নিজেদের উপলব্ধির পাশাপাশি নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তারকারা।
