২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে যাওয়া শুধু তৈরি করে শুন্যস্থান

আরাফাত শান্ত সিনেমা, সিনেমা ব্যক্তিত্ব এবং চরিত্র বিশ্লেষণ করতে ভালোবাসেন। গত সপ্তাহান্তে ভারতের দুই অভিনেতা ইরফান খান এবং ঋষি কাপুরের মৃত্যুর পর একজন দর্শক এবং সিনেমাপ্রেমী হয়ে এবার লিখলেন গ্লিটজ’য়ের জন্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 03:29 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

একটি দুঃসহ সপ্তাহঃ চলে গেলেন ইরফান খান ও ঋষি কাপুর! এরকম শোকের সপ্তাহ খুব কমই এসেছে ভারতের চলচ্চিত্র জগতে। এমনিতেই করোনাভাইরাসের সংক্রমণের ক্রান্তিলগ্নে সবাই মোটামুটি শোকাতুর, প্রতিদিনই ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সব জায়গাতেই মৃত্যুর মিছিল চলছে, সেই শোক যারা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারতো যারা তারাও এখন চলে যাচ্ছে। এই শোক আসলে কাটিয়ে উঠতে পারা মোটামুটি অসম্ভব। এখন এই করোনা কালে যখন সব রাষ্ট্রেই মানুষ মারা যাচ্ছে রোগ, নিজ দেশেও যখন থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল, এ অসময়ে ইরফান খান আর তারপরের দিন ঋষি কাপুরের চলে যাওয়া সত্যি অবিশ্বাস্য লাগে। গতকাল অনেকেই আচ্ছন্ন ছিল প্রখ্যাত অভিনেতা ইরফান খানের অকাল প্রয়াণে। মাত্র ৫৩ বছর বয়সেই ইরফান খান এভাবে চলে যাবেন তা কেউ কল্পনাতেও আনেনি। তিন দিন আগেই ইরফান খানের মা বার্ধক্যজনিত কারনে মারা যান, এ শোকেই হয়তো আচ্ছন্ন ছিলেন।

কলোন ইনফেকশনে ২৯ শে এপ্রিলই হয় তাঁর শেষ দিন। অকাল মৃত্যুকে ভুলে গেলে ইরফান খানের জীবনটাই ছিল আমাদের জন্য সেলিব্রেট করার মতো। মোটিভেশন স্পীকাররা যেসব গল্প বলে লোকজনকে অনুপ্রেরণা দেয় সেরকম একটা গল্প ইরফান খানেরও। তাঁর পরিবারের কেউই চলচ্চিত্রের সাথে দূরতম সম্পর্কেও ছিল না। ইরফান খানের নাম যখন সাহেবজাদা ইরফান আলী খান ছিল তখনও তিনি ক্রিকেটারই হতে চাইতেন। কঠোর ধর্মীয় অনুশাসনে বড় হওয়া ইরফানের জন্য খেলাধুলাই ছিল একমাত্র মুক্তির জায়গা। তার ছোটবেলার একটা গল্প তিনি খুব বলতেন, আকাশে ঘুড়ি দেখতে দেখতে তিনি ছাঁদ থেকে নীচে পরে যান, বাসায় বিছানায় বসে বসে ভাঙ্গা কব্জির সাথে কথা বলতেন। তখন থেকেই নিজেকে নিজের জানা শুরু, পড়াশোনাতেও খুব ভালো ছিলেন না কিন্তু নিজেকে প্রকাশ করতে চাইতেন, নিজের অন্তঃপুরবাস থেকে মুক্তি চাইতেন। জানতেন বাসা থেকে সমর্থন পাবেন না তাই না বলেই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পরীক্ষা দেন। পরীক্ষা ভালো না দিয়েও তার বিশ্বাস ছিল তিনি টিকে যেতে পারেন। এবং বাসায় না জানিয়েই তিনি ভর্তি হন। এনএসডি তাঁকে আমুল বদলে দেয়। তিনি অভিযাত্রীর মত সব দিকেই থাকেন। তখন তাঁর মনে হয় তিনি পরিচালক হবেন, তাই তার সব জানা দরকার। ভাগ্য ভালো তিনি চলচ্চিত্র পরিচালক হননি, হলে পুরো দুনিয়া মিস করতো এরকম অভিনেতাকে। পরিচালক তিগ্মাংশু ঢুলিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'ইরফানকে দেখলে তার মনে হতো এ ছেলেটা এরকম কেন? সিরিয়াস যখন সবাই সে উদাসী হয়ে শুধু তাকিয়ে থাকে, অল্প অল্প কথা বলে।' পাশ করার পর তার কাছে জীবিকাটাই বড় হয়ে দাঁড়ায়, প্রেমিকার সাথে এক বাসায় থাকেন, তিনি রাজস্থানে আর ফিরে যাবেন না। টেলিভিশনেে অভিনয় শুরু করলেন। তার আগে তিনি মীরা নায়ারের 'সালাম বোম্বে' সিনেমায় কাজ করেছিলেন, যে সিনটা আর রাখা হয় নি। টেলিভিশনে তিনি অনেক কাজ করেছেন। কখনো সিরিয়াল কিলার, কখনো চানক্য, কখনো সাধারণ চাকুরীজীবি অথবা নির্মম ভিলেন, লেনিন থেকে ভারতীয় কমরেড কি না করেছেন তিনি। তার প্রেমিকা পরবর্তীতে স্ত্রী সুতপা শিকদার সেই সময় থেকেই তাঁর পাশে। অনেকেই হয়তো জানেন না যে সুতপা শিকদার নিজেও নামকরা চিত্রনাট্যকার। বিখ্যাত ছবি 'খামোশী' 'শব্দ' তে তিনি কাজ করেছেন। ক্যানসার থেকে ফিরে এসে ইরফান বলেছিলেন, ' স্ত্রীর জন্যই বেঁচে থাকতে ইচ্ছে হয়।' বিশাল ভরদ্বাজের শেক্সপীয়ারের ম্যাকব্যাথ থেকে বানানো 'মকবুল' করতে গিয়েই তিনি খুঁজে পান নিজেকে। এ ছবিতে তিনি অমানুষিক পরিশ্রম করেন। দেখা গেল সিনেমার ডায়লগ সব উনার মুখস্থ। অন্য চরিত্রে কি সংলাপ তাও তিনি বলে দেন। তারপর তিনি প্রচুর সিনেমায় অভিনয় করেছেন। তার সেরা ছবিগুলোর মধ্যে হলো, মকবুল, লাইফ ইন এ মেট্রো, স্লামডগ মিলিয়নিয়ার, নেমসেক, স্পাইডারম্যান, পান সিং তোমার, লাঞ্চবক্স, ইনফার্নো, ডুব, কোনটা ছেড়ে কোনটা বলবো। তিনি একমাত্র দূর্লভ অভিনেতা যিনি এং লি থেকে শুরু করে ভারতের মধ্যম সারির বক্সঅফিস ডিরেক্টর আনিস বাজমী পর্যন্ত কাজ করেছেন। বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর 'নেমসেক' দেখে বলেছিলেন, 'ধন্যবাদ দিতে হয় ইরফানের বাবা মা কে, ইরফান জন্ম না নিলে বিশ্ব চলচ্চিত্র এক ভারতীয় রত্নের দেখা পেত না।' লাইফ অফ পাই ছবিতে তার দার্শনিক নির্লিপ্ততা, স্লামডগ মিলিয়নিয়ারে এক জন মোরাল পুলিশ অফিসার, ডুব ছবিতে একজন বাবা, আরে অসংখ্য চরিত্রেই তিনি অত্যন্ত সফল। বিখ্যাত পরিচালক মহেশ ভাট মজা করে বলতেন, একটু খারাপ অভিনয় করো, 'এত ভালো অভিনয় আমার ছবিই ডিমান্ড করে না।' তার শেষ দিকের ছবি হিন্দি মিডিয়াম কিংবা কারওয়ানের কথাই ধরেন, বানিজ্যিক ছবি কিন্তু কি অসাধারণ তার অভিনয়। তিনি বলেছিলেন, তার সব কাজই পারসোনাল। তিনি অন্য কারো মতো হতে চান নাই। যে পথে সবাই হাঁটে সেদিকে অগ্রসর হননি। নিজেকে বদলেছেন বারবার, অডিশন দিয়ে বেড়িয়েছেন দেশে বিদেশে। তাঁর জীবনের মন্ত্র ছিল একটা, যে কাজে বোর হচ্ছি সে কাজ করবো না। ক্যানসারকেও তিনি নিয়েছিলেন সহজভাবেই। জীবনকে তুলনা করেছেন রোলার কোস্টারের সাথে। ফিরে এসে অভিনয়ও করলেন। সেই ছবির পরিচালককে বলেছেন, 'আমি আস্তে কাজ করবো, সবাই যা করে তাই করবো, আমার জন্য যেন স্পেশাল কিছু না হয়।' সিনেমাটার প্রচারে অংশ নেননি কিন্তু তার কথা দিয়েই সিনেমাটার টিজার শুরু। চলে গেলেন সেই টিজারের মতো। এত প্রতিভাবান এক মানুষ এভাবে অকালে চলে যাবেন তা কে ভেবেছিল।

ইরফান খানের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই একদিন পর চলে গেলেন বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর। সেদিনও তার ইন্টারভিউ পড়ছিলাম তিনি রবার্ট ডি নিরোর একটা ছবির রিমেক করতে চান। আর আজ শুনলাম তিনি নেই। কিছু কিছু লোক তাকে জন্মসূত্রে স্টার। তিনি সেরকমই। বিখ্যাত অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের সন্তান তিনি। 'মেরা নাম জোকার' করেই শিশু শিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান। 'ববি' সিনেমায় অভিনয় করে পরিচিত হন হার্টথ্রোব নায়কের। চাদনী, নাগিনা, প্রেমরোগ, অমর আকবর এন্থনি, দামিনী হয়ে মুল্ক, বডি কতরকমের ছবি তিনি করেছেন। তার অটোবায়োগ্রাফীটা দুর্দান্ত এক গ্রন্থ। বলিউড নিয়ে যাদের আগ্রহ তারা পড়তে পারেন এ আত্মজীবনী। তার স্ত্রী নিতু সিং ছিলেন খুবই ভালো অভিনেত্রী। বলা যায় সংসার আর প্রেমের কারনেই নিতু সিং অভিনয় থেকে বিরতি নিয়েছেন। সারাজীবন তিনি তার কাজের সব কৃতিত্ব স্ত্রী কে দিয়েছেন। 'দো দোনি চার' দেখতে পারেন পরিনত বয়সেও তাঁদের কি দারুন অভিনয়। বোনম্যারো ক্যানসারে আক্রান্ত হয়ে ছিলেন, এগারো মাসের চিকিৎসা শেষ করে বাসাতে অবস্থান করছিলেন। তাও তিনি সরব ছিলেন, বিভিন্ন ইস্যুতে তার শক্ত অবস্থান ছিল। কদিন আগেও ডাক্তারদের স্যালুট জানিয়ে পোষ্ট দিয়েছেন। শ্বাসকষ্ট নিয়েই সব কিছু করতেন। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েই আজ মুম্বাইতে সবাইকে কাঁদিয়ে চলে যান। ইরফান খান আর ঋষি কাপুরের এক সাথে অভিনীত সিনেমা একটাই, নাম-- ডি ডে। ভাগ্যের কি নিষ্ঠুরতা দুজন চলে গেলেন একদিন আগে আর পরে। অমিতাভ বচ্চন জানাচ্ছেন, এত শোকে তার ধ্বংসের দিন। সেটাও তো একটা ডি ডেই। অনেকেই বলবেন বলিউডের অভিনেতা মারা গেলে আমাদের কি? আসলে আমাদের অনেক কিছু। কারন চলচ্চিত্র একটা সম্পর্ক তৈরী করে, ধীরে ধীরে তা গভীর হয়, সেই সু্ত্রেই তারা হন আত্মার কাছাকাছি। তাদের চলে যাওয়া মানে আমাদেরও একটু একটু করে মরে যাওয়া।