২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋষির সঙ্গে আলমগীরের ‘প্রথম ও শেষ’ আড্ডার স্মৃতি

বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে ২০১৪ সালে ভারতের মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ‘প্রথম ও শেষবারের’ আড্ডার স্মৃতি রোমন্থন করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও প্রযোজক এমএ আলমগীর।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2020, 01:53 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

বলিউডের আরেক অভিনেতা বোমান ইরানী ও তার স্ত্রী জেনোবিয়া ইরানির ২৫তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে সদ্য প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ হয়েছিল আলমগীরের; তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সংগীতশিল্পী রুনা লায়লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় আলমগীর জানালেন, পারিবারিকভাবে ঋষি কাপুরের পরিবারের সঙ্গে সম্পর্ক থাকলেও তারপর আর কখনো এ অভিনেতা সঙ্গে দেখা হয়নি।

প্রায় ছয় বছরে পুরানো সেই স্মৃতি তুলে ধরে তিনি বললেন, “ওই অনুষ্ঠানে আমরা সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছিলাম। ওই সময়ের মধ্যেই ঋষি কাপুরের সঙ্গে বেশ ভালো কথাবার্তা হয়েছে, আড্ডা মেরেছি। উনি বেশ রসবোধ সম্পন্ন একজন মানুষ। জোকস বলে চারপাশ মাতিয়ে রেখেছিলেন। উনার পরিবারের সদস্যরাও হৈ-হুল্লোড় পছন্দ করেন।”

একই টেবিলে ঋষি কাপুরের সঙ্গে আড্ডায় শামিল হয়েছিল তার বড়ভাই রণধীর কাপুর, নির্মাতা শ্যাম বেনেগাল, বলিউডের অভিনেত্রী ট্যাবু, আলমগীর, রুনা লায়লাসহ আরো অনেকে।

ঋষি কাপুরের সঙ্গে বেশ আগে থেকেই রুনা লায়লার পরিচয় ছিল; বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বোমান ইরানীর সঙ্গেও। বোমান ইরানীর আমন্ত্রণেই সেই আয়োজনে যোগ দিয়েছিলেন আলমগীর-রুনা জুটি।

শাহরুখ খান, কারিনা কাপুর, সাইফ আলী খান, অভিষেক বচ্চনসহ বলিউডের বেশিরভাগ তারকাই আলো ছড়িয়েছেন সেই আয়োজনে।

তার ছয় বছর পর বৃহস্পতিবার ঋষি কাপুরকে হারিয়ে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে বলিউড; ববি, চাঁদনীর মতো জনপ্রিয় চলচ্চিত্রের এ অভিনেতাকে হারিয়ে নিস্তব্ধ হয়ে আছেন সহশিল্পীরা।

প্রায় এক বছর ধরে ক্যানসারের চিকিৎসা শেষে গত সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে থেকে দেশে ফিরেছিলেন তিনি। শ্বাসকষ্টজনিত কারণে বুধবার মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তির পরদিনই তার মৃত্যুর খবর এলো।

৬৭ বছর বয়সী এ অভিনেতার মৃত্যুর একদিন আগেই বলিউডের আরেক নন্দিত অভিনেতা ইরফান খানের মৃত্যু হয়েছে।

আলমগীর বলছেন, “এটি বিশ্ব চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি। দুইজনেই ক্যানসারে মারা গেলেন। সবকিছু মিলিয়ে খুব শকিং ব্যাপার।”

ঋষি কাপুরের জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর, মুম্বাইয়ে। তার বাবা রাজ কাপুর ভারতের সবচেয়ে সম্মানিত অভিনেতা ও পরিচালকদের মধ্যে অন্যতম।

বাবার পরিচালিত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে ঋষির যাত্রা শুরু হয়েছিল। তাকে প্রথম দেখা যায় শ্রী ৪২০ ছবির জনপ্রিয় গান ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’য় শিশুশিল্পী হিসেবে।

১৯৭০ সালে বাবার নির্মিত ছবি ‘মেরা নাম জোকার’ এ রাজ কাপুরের শিশু বয়সের চরিত্রে অভিনয় করে সেরা শিশু শিল্পীর পুরস্কার জিতেছিলেন তিনি।

এর তিন বছর পর ‘ববি’ চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা ও খ্যাতি পান। এর পরের কয়েক বছরের মধ্যেই তিনি ওই সময়ের শীর্ষ রোমান্টিক নায়কে পরিণত হন।

২০১২ সালে ‘অগ্নিপথ’ ও ২০১৮ সালে ‘মুলুক’ চলচ্চিত্রে নিজের ভূমিকায় অভিনয় তার জীবনের অন্যতম সেরা কাজ ছিল বলে ধারণা চলচ্চিত্র বোদ্ধাদের।