‘ডিকশনারি’র শুটিংয়ে নুসরাত, মোশাররফ করিম যাচ্ছেন শনিবার
বুদ্ধদেব গুহর ছোট গল্প অবলম্বনে কলকাতার নির্মাতা ব্রাত্য বসুর নির্মিতব্য চলচ্চিত্র ‘ডিকশনারি’র শুটিংয়ে অংশ নিয়েছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান; শুটিংয়ে যোগ দিতে শনিবার কলকাতায় উড়াল দিচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
এ চলচ্চিত্রে এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে; তার বিপরীতে দেখা যাবে পৌলমী বসুকে।
চলতি সপ্তাহে কলকাতার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে; এতে অংশ নিতে শনিবার ঢাকা ছাড়ছেন বলে গ্লিটজকে জানান মোশাররফ করিম।
তিনি জানান, এই দফায় দুই সপ্তাহের মতো ভারতের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণে অংশ নেবেন তিনি।
এর আগে পশ্চিমবঙ্গের বোলপুরে প্রথম দফার দৃশ্যধারণে অংশ নিয়েছেন লোকসভার সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। শুটিংয়ের ফাঁকে ভক্তদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিওচিত্র শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
চলচ্চিত্রের বাকি দুই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়ও শিগগিরই শুটিংয়ে অংশ নেবেন।
বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে ছবির নাম দেওয়া হয়েছে ‘ডিকশনারি’।
‘ডিকশনারি’ ব্রাত্য বসুর চতুর্থ ছবি। এর আগে ‘রাস্তা’, ‘তিস্তা’ ও ‘তারা’ শিরোনামে তিনটি চলচ্চিত্রটি পরিচালনা করেন।
