২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ ব্যান্ডের অংশগ্রহণে ‘স্বাধীনতা সংগীত উৎসব’

মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী তহবিল গঠনের জন্য দেশে ২০ ব্যান্ডের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘স্বাধীনতা সংগীত উৎসব।’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 11:22 AM

Updated : 08 Apr 2022, 12:18 AM

শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে ও সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত মূল মিলনায়তনে সংগীত পরিবেশন করবে বিভিন্ন ব্যান্ড ও সংগীতশিল্পী। 

‘মাকসুদ ও ঢাকা’-র উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগিতায় থাকবে বিকাশ ।

‘মুজিব শতবর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ উৎসব থেকে অর্জিত অর্থ জমা হবে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে।

এতে মাকসুদ ও ঢাকা, ওয়ারফেইজ, আভাস, নেমেসিস, অবসকিউর, মেঘদল, সহজিয়াসহ বেশ কয়েকটি ব্যান্ডের পরিবেশনা থাকবে।

উন্মুক্ত মঞ্চের প্রবেশ মূল্য ৩০০ টাকা ও মূল মিলনায়তনে প্রবেশ মূল্য ১০০০ টাকা।

বিকাশ অ্যাপ-এর সাজেশন বক্সে ‘ফ্রিডম মিউজিক ফেস্ট’ লোগোতে ক্লিক করে খুব সহজেই টিকিট কেনা যাবে। ৩০০ টাকা এবং ১হাজার টাকা মূল্যের টিকিট থাকবে উৎসবের জন্য।

https://www.facebook.com/lwmfreedommusicfest/ ফেসবুক পেজ থেকে কনর্সাটের সময়সূচি এবং শিল্পীর বিস্তারিত তালিকা পাওয়া যাবে। মুক্তিযুক্ত জাদুঘরে স্থাপিত বিকাশের বুথে অগ্রীম টিকিট পাওয়া যাচ্ছে। টিকিটের পর্যাপ্ততা সাপেক্ষে উৎসবের দিনেও টিকিট সংগ্রহ করা যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মাকসুদ ও ঢাকা ব্যান্ড এর মাকসুদ, বামবা সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু এবং বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলীসহ ব্যান্ডগুলোর সদস্যবৃন্দ।

এতে জানানো হয়, মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে সারা বছরেই বিকাশের মাধ্যমে খুব সহজেই অনুদান দেয়া যায়।

https://www.liberationwarmuseumbd.org/bkash/application/donation  লিংকে ক্লিক করেই যে কেউ ১০০, ৫০০, ১০০০ কিংবা ১০,০০০ টাকা সহজেই মুক্তিযুদ্ধ জাদুঘর তহবিলে দান করতে পারেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহ এবং টিকিট বিক্রি কর্মকান্ডে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিচ্ছে বিকাশ।