২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহে ছাড়পত্র পেল চার চলচ্চিত্র

নতুন কোনো চলচ্চিত্র ছাড়াই নতুন বছরের প্রথম সপ্তাহ পেরোনোর পর তৃতীয় সপ্তাহে এসে পরপর চারটি চলচ্চিত্র মুক্তির অনুমোদন পেল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে থেকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2020, 10:11 PM

Updated : 08 Apr 2022, 12:14 AM

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর গ্লিটজকে জানান, গত সপ্তাহে ‘দ্য গ্রেভ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘নীল মুকুট’ ও ‘গণ্ডি’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।

‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গাজী রাকায়েত পরিচালনা করেছেন ‘দ্য গ্রেভ’; ইংরেজি ভাষায় ছবিটি নির্মাণ করা হয়েছে। বাংলা ভাষায় ছবিটির নাম রাখা হয়েছে ‘গোর’।

এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মৌসুমী হামিদ, দিলারা জামান, সুষমা সরকার।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিক্যুয়েল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নির্মাণ করেছেন দেবাশীষ বিশ্বাস। ছবিটি প্রযোজনা করেছে আরটিভি। অভিনয় করেছেন অপু বিশ্বাস-বাপ্পী চৌধুরী।

‘শুনতে কি পাও!’ চলচ্চিত্র নির্মাণ করে জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা কামার আহমাদ সাইমনের ‘নীলকণ্ঠ’ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে ১৬ জানুয়ারি। শিগগিরই চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

ফাখরুল আরেফিন খানের দ্বিতীয় ছবি ‘গণ্ডি’ সেন্সর ছাড়পত্র পেয়েছে বৃহস্পতিবার। এতে জুটি বেঁধেছেন সব্যসাচী চক্রবর্তী-সুবর্ণা মুস্তাফা। অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, পায়েল মুখার্জিসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ছবিটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস।