২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধ শতকে ‘টক মিষ্টি ঝাল’

বাংলাভিশনের রম্য-বিদ্রুপাত্মক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’য়ের পঞ্চাশতম পর্বতে অতিথি হয়েছেন কণ্ঠশিল্পী ও চলচ্চিত্র-পরিচালক ফেরদৌস ওয়াহিদ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2019, 07:30 PM

Updated : 10 Oct 2022, 09:42 PM

পঞ্চাশতম পর্বে ফেরদৌস ওয়াহিদকে বিশেষ অতিথি করার কারণ তিনিও গানে এবং বয়সে ৫০ পূর্ণ করেছেন। তবে  ৪৯টা প্রেম করার পর থেমে গেছেন। কেনো? সেই উত্তর পাওয়া যাবে আবু হেনা রনির উপস্থাপনায় ২৪ নভেম্বর রাত ১১টা ২৫ মিনিটে এই অনুষ্ঠানের বিশেষ পর্বে।

অনুষ্ঠানটির প্রযোজক খায়রুল বাবুই বলেন, “আমাদের দেশে টেলিভিশনে রম্য-বিদ্রুপাত্মক নিয়মিত অনুষ্ঠান নেই বললেই চলে। তবে এ ধরনের অনুষ্ঠানের প্রতি সব শ্রেণির দর্শকের আগ্রহ রয়েছে। তাই ‘টক মিষ্টি ঝাল’ অনুষ্ঠানটির পরিকল্পনা থেকে শুরু করে প্রতিটি পর্বেই আমরা নতুনত্ব রাখার চেষ্টা করেছি। দর্শকদের ইতিবাচক সাড়াও পাচ্ছি।’

অনুষ্ঠান-ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “সমাজের নানা অসঙ্গতি-অনিয়মগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরছি আমরা। দর্শকদের সচেতন করার চেষ্টা করছি। প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় বাছাই করে সেটির নানা দিক বিদ্রুপাত্মকভাবে উপস্থাপন করা হয়।”

প্রতি পর্বেই অতিথি হিসেবে পরিচিত একজন শিল্পীর উপস্থিতির পাশাপাশি থাকে একজন ‘স্ট্যান্ডআপ কমেডিয়ান’য়ের কৌতুক পরিবেশনা।

বাবুই দাবি করেন, “অনুষ্ঠানে ‘ঝালাইবাজ’ চরিত্রটির বক্তব্যও দর্শক-হৃদয়ে নাড়া দিয়ে যাচ্ছে।”

“সামনে নতুন নতুন কিছু বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আশা করি অনুষ্ঠানটি তখন আরও বৈচিত্রময় ও উপভোগ্য হবে।”