২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গানের রাজা’ লাবিবার অভিষেক

সংগীতশিল্পী ইমরানের সঙ্গে প্রথম মৌলিক গান নিয়ে আসছেন টিভি রিয়্যালিটি শো ‘গানের রাজা’র প্রথম আসরের চ্যাম্পিয়ন ফাইরুজ লাবিবা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2019, 07:28 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিউল ইসলাম জীবনের কথায় ‘কেন এত চাই তোকে’ শিরোনামে গানটির সুর-সংগীতায়োজনও করেছেন ইমরান। সিএমভি’র ব্যানারে গানটি মুক্তি পাচ্ছে মঙ্গলবার বিকেল ৩টায়।

সৈকত রেজার নির্দেশনায় এতে মডেল হয়েছেন কাজী আসিফ ও কেয়া আক্তার পায়েল। ভিডিওতে কণ্ঠশিল্পী হিসেবে পাওয়া যাবে ইমরান-লাবিবাকেও।

ইমরান বলেন, “লাবিবার বয়স অনেক কম। অথচ কণ্ঠে সে যে কোনও প্রফেশনাল শিল্পীর মতোই সাবলীল। তার কণ্ঠে আলাদা একটা শক্তি আছে। প্রতিযোগিতাটি চলার সময়ই আমি তার কণ্ঠে মুগ্ধ হয়েছি। সিদ্ধান্ত নিয়েছি ওর জন্য গান করবো। প্রতিযোগিতা শেষে শতভাগ আন্তরিকতা নিয়ে সেই চেষ্টাটা করেছি।”

প্রথম মৌলিক গান নিয়ে লাবিবা বলেন, “খুব ভয় ভয় লাগছে। আমি চেষ্টা করেছি ইমরান ভাইয়ার গাইড ধরে গাইবার। বাকিটা শ্রোতারা বলবেন। আমি কৃতজ্ঞ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি। আমার জন্য দোয়া করবেন।”

লবিবার জন্ম খুলনায়। তিনি সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছেন। তার বড় বোন ফাইরুজ মালিহাও একজন গায়িকা। তিনি ‘চ্যানেল আই-ক্ষুদে গান রাজ ২০১৩’ এর চ্যাম্পিয়ন।