২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার নাচের মুদ্রায় ধরা দেবেন হো চি মিন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নৃত্যসংগঠন তুরঙ্গমীর নতুন প্রযোজনা ‘হো চি মিন’ এর উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2019, 04:52 PM

Updated : 08 Apr 2022, 04:40 PM

ভিয়েতনামের জাতির জনক, কিংবদন্তী নেতা হো চি মিন-এর জীবন, সংগ্রাম ও জীবনদর্শনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘হো চি মিন’। এর মূল ভাবনা, পাণ্ডুলিপি, নকশা, নির্মাণ ও নির্দেশনা করেছেন পূজা সেনগুপ্ত।

হো চি মিনের পাশাপাশি একটি বিশেষ মুহূর্তে দেখা যাবে আরেক কিংবদন্তী নেতা ভ্লাদিমির লেনিনকে। উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে এ প্রযোজনার দু’টি প্রদর্শনী মঞ্চায়িত হবে।

পরদিন, ৬ সেপ্টেম্বর ভিয়েতনামের জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠান শেষে আবারও জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘হো চি মিন’ মঞ্চায়িত হবে।

তুরঙ্গমীর পক্ষ থেকে জানানো হয়, টিকিটের বিনিময়ে দর্শকরা এই আয়োজন উপভোগ করতে পারবেন। ইতিমধ্যেই সংরক্ষিত হয়েছে দ্বিতীয় দিনের প্রদর্শনীর সবগুলো আসন। 

এ প্রযোজনার অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে বিশ্বরঙ-এর ঢাকাস্থ সব বিক্রয়কেন্দ্রে, নিউ ইস্কাটনের স্টুডিও পদ্মা’তে এবং শো-এর ঠিক আগে জাতীয় নাট্যশালার টিকেট কাউন্টারে।

কোনো রাজনৈতিক নেতার জীবন ও দর্শনকে কেন্দ্র করে তৈরি এটিই বিশ্বের প্রথম আত্মজীবনীমূলক নৃত্যনাট্য।

এ প্রসঙ্গে পূজা সেনগুপ্ত গ্লিটজকে বলেন, “২০১৭ সালে আমরা যখন আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নিতে ভিয়েতনামে যাই তখন হো চি মিনের জাদুঘরে যাওয়া হয়। তার সম্পর্কে জানার আগ্রহ বাড়ে। তার জীবনাদর্শ আমাদের দেশেও জনপ্রিয়। আমার জানা মতে, এটাই পৃথিবীর প্রথম কোনো নৃত্যপ্রযোজনা যেটা কোনো রাজনৈতিক নেতার জীবনকে ধারণ করছে। মাত্র ৪০ মিনিটে এত বড় একজন নেতার জীবনী তুলে ধরার প্রয়াস কখনই সহজ ছিল না। আমরা চেষ্টা করেছি একটি আন্তর্জাতিকমানের নৃত্যনাট্য তৈরি করার।”

এটির সংগীত পরিচালনা করেছেন সুমন সরকার।  

মাঝে বেশ কিছু স্বল্প দৈর্ঘের প্রযোজনা নির্মাণ করলেও, চার বছর বিরতির পর ‘হো চি মিন’ প্রযোজনার মধ্য দিয়েই আবারও পূর্ণদৈর্ঘ্যের নৃত্যনাট্য মঞ্চে আনলো তুরঙ্গমী। বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার তুরঙ্গমী’র প্রথম প্রযোজনা ছিল ‘ওয়াটারনেস’(২০১৫)।

প্রযোজনাটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে ভিয়েতনাম সরকার এবং ভিয়েতনাম দূতাবাস, বাংলাদেশ।