ভারত-বাংলা চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজন ঢাকায়
বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র নিয়ে উৎসব করতে যাচ্ছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছে সংগঠনটির সভাপতি ফিরদাউসাল হাসান।
কলকাতা থেকে বৃহস্পতিবার বিকেলে তিনি গ্লিটজকে বলেন, প্রথমবারের মতো ভারত-বাংলা চলচ্চিত্র পুরস্কার আয়োজন করতে চাই আমরা। ২১ অক্টোবর থেকে এ উৎসবটি করতে চাইছি আমরা। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমি ঢাকায় আসছি কিছুদিনের মধ্যেই। আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে উৎসবটি সম্পর্কে বলবো। গতকাল কলকাতায় একটি জুরি মিট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমরা।”
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার জুরি মিট অনুষ্ঠানে ফিরদৌসাল হাসান জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিনোদনের সম্পর্ক দৃঢ় করতেই এই পদক্ষেপ। তিনি বলেন, “ফেডারেশনের উদ্দেশ্য বাংলাদেশের চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং সেই দেশে ভারতের ছবির প্রচার করা।”
তিনি আরও বলেন, “এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে দু দেশের ছবির ব্যবসা করতে পারে। বাংলাসহ ভারতীয় ছবি বাংলাদেশের মতো প্রতিবেশী দেশে বেশ জনপ্রিয়। কিন্তু সেখানে আমাদের ছবি রিলিজ করানোর উপযুক্ত পরিকাঠামো নেই।”
তিনি জানান, উৎসবের জুরি কমিটিতে থাকবেন বাংলাদেশের একজন প্রযোজক এবং এক সাংবাদিক। এছাড়াও, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা-মন্ত্রী ব্রাত্য বসু, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী পুরস্কারের বাংলা ছবি মনোনয়ন করবেন। ভারতে ১২টি বিভাগে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে। বাংলাদেশের পক্ষ থেকেও ১২টি বিভাগে ছবি মনোনীত হবে।
বাংলাদেশের সেরা ছবি নির্বাচন করবেন বাংলাদেশেরই পরিচালক, সাংবাদিক এবং সামলোচকরা।
তবে বাংলা ছাড়াও ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষা -তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, ভোজপুরী, গুজরাতি এবং হিন্দি ছবির প্রদর্শনও হবে এ উৎসবে।
এ সময় উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় নির্মাতা ও উৎসব জুরি গৌতম ঘোষও। তিনি বলেন, “বেশি পরিমান দর্শকের কাছে পৌঁছতে ভারত এবং বাংলাদেশের সিনে দুনিয়ায় চালু হল সিঙ্গেল উইন্ডো সিস্টেম। আমার মনে হয়েছে ভারত ও বাংলাদেশের বাংলা ছবির উদযাপন একটি মঞ্চে হওয়াটা জরুরি।”
