২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণ্ডি’ চলচ্চিত্রের সঙ্গে ফ্রিডম ন্যাপকিন

‘ভুবন মঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফিন খানের দ্বিতীয় চলচিত্র ‘গণ্ডি’র সঙ্গে যুক্ত হলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2019, 07:14 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড এবং গড়াই ফিল্মসের মধ্যে এ সম্পর্কে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সি আই কনজুমার ব্র্যান্ডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর ও গড়াই ফিল্মসের পক্ষে নির্মাতা ফাখরুল আরেফিন খান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফাখরুল আরেফীন খান বলেন, “বর্তমান সময়ে একটি ভালো গল্প পর্দায় ফুটিয়ে তোলা নিঃসন্দেহে চ্যালেঞ্জিংও বটে। ফলে অনেক সময় বাজেট নির্দিষ্ট থাকে না। অনেক সময় বাজেটের অভাবেই কোনো মতে একটি গল্প বলতে হয়। এই পরিস্থিতিতে এ সি আই পরিবারের পাশে দাঁড়ানোয় আমাদের জন্য বেশ উপকারই হলো।”

সৈয়দ আলমগীর বলেন, “আমরা সিনেমাটির সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে কাজ করছি। আমরা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখব। তবে নিশ্চয়ই তা ভালো সিনেমার ক্ষেত্রে।”

রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যাবে ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে।আসছে সেপ্টেম্বরে ছবিটির শেষ লটের দৃশ্যধারণ হবে।

ফাখরুল আরেফীন খান জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে টানা ১২দিন ঢাকার বেশ কয়েকটি লোকেশনে ছবিটির দৃশ্যধারণ হবে। সেখানে থাকবেন ‘ফেলুদা’ খ্যাত সব্যসাচী, সুবর্ণা মুস্তফাসহ আরও অনেকে।

 গণ্ডিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা।