২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গানের রাজা’ শফিকুলের অভিষেকে ইমরান ও বাবু

সিএমভির ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে শফিকুলের প্রথম গান ‘ভাবতে ঘেন্না লাগে’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 05:55 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

শিশু-কিশোরদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’ প্রতিযোগিতায় আশা জাগিয়েও চ্যাম্পিয়ন হতে পারেননি শফিকুল। হয়েছিলেন প্রথম রানারআপ। তবে, শফিকুলের যাত্রা সেখানেই থামেনি। এবার মৌলিক গান নিয়ে গানের জগতে পা ফেলছেন এ কিশোর। প্রথম গানেই তিনি পাশে পেয়েছেন দেশের জনপ্রিয় দুই তারকাশিল্পীকে।

গানের রাজা’র বিচারক হিসেবে শফিকুলকে কাছ থেকে দেখেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এবার তার প্রথম গানটির সুর ও সঙ্গীতায়োজনের দায়িত্ব নিয়েছেন তিনি। স্নেহাশীষ ঘোষের কথায় ‘ভাবতে ঘেন্না লাগে’ শিরোনামের গানটির নির্মাণ সম্পন্ন হয়েছে। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছে জনপ্রিয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু।  ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এর বিভিন্ন দৃশ্যে আরও দেখা যাবে ইমরান, শফিকুল, সারিকা সাবাহ ও বাঁধনকে।

গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, “প্রতিযোগিতার দিনগুলোতে শফিকুলের মধ্যে সম্ভাবনা দেখেছি। ওর কণ্ঠে যে ধরনের গান দারুণ মানায়, প্রতিযোগিতায় সে যে ধরনের গান গেয়েছে, তেমনই একটি গান তৈরি করেছি। যেমনটা চেয়েছিলাম, ও তেমনই গেয়েছে। আমি তো বলব, গানটি শ্রোতাপ্রিয়তা পাবে।”

‘ভাবতে ঘেন্না লাগে’ গানটি প্রসঙ্গে শফিকুল বলেন, “আমার বিচারক ইমরান মাহমুদুলের সুরে গাইতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি ভাগ্যবান। ভিডিওটিও অনেক ভালো হয়েছে।”

গানটির প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ৩ আগস্ট বেলা ৩টায় প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও উন্মুক্ত করা হবে। পাশাপাশি গানটি শোনা যাবে দেশের সব ক’টি মিউজিক অ্যাপ-এ।