২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একশ গানের যাত্রা শুরু

তিন শিল্পীর উদ্যোগে প্রকাশ হতে যাচ্ছে একশটি মৌলিক গান। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 07:17 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

জনপ্রিয় তিন সংগীতশিল্পী লুৎফর হাসান, নিশিতা বড়ুয়া ও মার্সেল-এর উদ্যোগে গঠিত হলো সংগীতের নতুন প্লাটফর্ম ড্রপ বিট স্টুডিও। এ স্টুডিও থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশিত হবে একশটি মৌলিক গান। এ উদ্যোগের প্রথম গান ‘সিঙ্গেল সিঙ্গেল’।  
লুৎফর হাসানের কথায় মার্সেলের সংগীতায়োজনে দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান ও নিশিতা বড়ুয়া।

গানের এমন উদ্যোগ প্রসঙ্গে ড্রপ বিট স্টুডিওর পক্ষে লুৎফর হাসান গ্লিটজকে বলেন, “একশ গানের আইডিয়াটা নিশিতার। আর মার্সেল যেহেতু খুব ভালো কাজ করছে, আমাদের বোঝাপড়াটা ভালো, তাই ভাবলাম এই আকালের যুগে আমরা অনেকগুলো মৌলিক গান করতেই পারি। যেগুলোতে আমাদের পাশাপাশি অন্য অনেকেই কণ্ঠ দেবেন। সেই ভাবনা থেকেই কাজ শুরু, গুছিয়েও এনেছি অনেকটাই।  সম্প্রতি নিশিতা আর আমার দ্বৈত গান 'সিঙ্গেল সিঙ্গেল' এর শুটিং হয়ে গেলো।”

নিশিতা বলেন, “১০০ গানের যাত্রা শুরু হলো। এ প্রকল্পটি নিয়েছেন লুৎফর হাসান ভাইয়া। আমাকে আর মার্সেলকে সম্মান জানিয়েছেন সংযুক্ত করে। আমরা সকল শিল্পীদের সাধুবাদের সাথে আমন্ত্রণ জানাব। কোন গান কোন শিল্পী গাইবেন একসাথে বসে সিদ্ধান্ত নেব। ”

‘সিঙ্গেল সিঙ্গেল’ ছাড়াও শিগগিরই আরও কিছু গান প্রকাশিত হতে যাচ্ছে এ ব্যানার থেকে। গানগুলো গাইছেন মিলন মাহমুদ, রাজিব, মুহিন, সালমা, কাজী শুভ, ঐশী ও ড্রপ বিট টিমের সদস্যরা। ঈদের পর থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ। সেসব গানে কণ্ঠশিল্পী হিসেবে আরও অনেকেই যুক্ত হবেন বলে জানালেন লুৎফর।  গান-ভিডিওগুলো নিয়মিত প্রকাশিত হবে ড্রপ বিট স্টুডিও’র ইউটিউব চ্যানেলে।