‘পাসওয়ার্ড’-এর রেকর্ড ভাঙবে ‘বীর’?
শুরু হয়েছে কাজী হায়াত পরিচালিত ‘বীর’ চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা শাকিব খান ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে আসছে ঈদে মুক্তির লক্ষ্যেই চলচ্চিত্রটি নির্মাণ করছেন তারা।
রাজধানীর বিএফডিসিতে চলছে কাজী হায়াতের ৫০ তম চলচ্চিত্র ‘বীর’ এর শুটিং। চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। নিজের প্রযোজনায় চারটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন শাকিব। তারই একটি ‘বীর’। গেলো ঈদে তার প্রযোজনায় ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রটি সিনেমা হলে দারুণ ব্যবসাসফল হয়।
সিনেমার শুটিং চলাকালীন সময়েই হল মালিকরা বুকিং মানি জমা দিয়ে চমকে দেন ইন্ডাস্ট্রির অন্যদের। মুক্তির পরও সর্বাধিক হলে টানা চার সপ্তাহ চলেছে ‘পাসওয়ার্ড’। এবারও সে ধারাবাহিকতায় ‘বীর’ নিয়েও আগ্রহ দেখিয়েছেন হল মালিকরা।
সোমবার চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক মোহাম্মদ ইকবাল গ্লিটজকে বলেন, “সোমবার পর্যন্ত দশটি হল চলচ্চিত্রটি ঈদে প্রদর্শনের জন্য বুকিং মানি দিয়ে গেছে। তার যে অর্থমূল্যে ছবি বুকিং দিয়েছেন তা ঈদের ছবির চেয়েও বেশি। আরও অনেক মালিক হল বুকিংয়ের জন্য যোগাযোগ করছেন। আমরা ‘পাসওয়ার্ড’-এর রেকর্ড ভেঙে দিবো।”
চলচ্চিত্রটি প্রদর্শনের লক্ষ্যে ইতিমধ্যেই বুকিং দিয়েছে ছায়াবাণী, সাগরিকা, সিনেমা প্লেস, মধুমতি, সত্যবর্তি, আশা’র মতো সিনেমা হলগুলো।
ইকবাল জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চলবে চলচ্চিত্রটির শুটিং। শাকিব খানের বিপরীতে নায়িকা চূড়ান্ত হয়নি এখনও। তবে, ইকবাল জানালেন, চলচ্চিত্রটিতে চিত্রনায়িকা বুবলিকেও দেখা যেতে পারে। তবে, শিগগিরেই জানিয়ে দেয়া হবে।
এদিকে গত মাসে একসঙ্গে চারটি ছবির ঘোষণা দেন প্রযোজক শাকিব খান। এগুলো হলো- ‘বীর’, ‘ফাইটার’, ‘পাসওয়ার্ড-২’ ও ‘প্রিয়তমা’। সবই প্রযোজনা করছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল।
