মাঝপথে ‘নন্দিনী’ চরিত্রে অন্য মুখ
বদলে যাচ্ছে দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসার আলো-আঁধার’ এর কেন্দ্রীয় চরিত্র ‘নন্দিনী’র অভিনেত্রী।
একলা মায়ের জয়-পরাজয়ের গল্পে প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। এতে প্রধান চরিত্র ‘নন্দিনী’ হয়ে এতদিন অভিনয় করছিলেন বৈশাখী ঘোষ। ১৪৬তম পর্ব পর্যন্ত অভিনয়ের পর বাদ পড়লেন হালের এ উঠতি অভিনেত্রী।
শনিবার থেকে সম্প্রচার হতে যাওয়া নতুন পর্বগুলোতে এখন থেকে বৈশাখীর পরিবর্তে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুষমা সরকারকে।
কেন বাদ পড়লেন বৈশাখী ঘোষ-প্রশ্নের জবাবে নাটকটির প্রযোজক মোস্তফা মনন গ্লিটজকে বলেন, “একটি দীর্ঘ ধারাবাহিক পরিচালনা করতে হলে সময়ের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হয়, বৈশাখীর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে দুই পক্ষের সম্মতিতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।”
নাটকের দৃশ্যে ‘নন্দিনী’ চরিত্রে বৈশাখী ঘোষ
বৈশাখী ঘোষ বলেন, “রক্ত শূন্যতা ও ইউরিন ইনফেকশনজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তার এক মাস বিশ্রামে থাকতে বলেছিল। কিন্তু মাসে ২০ দিন শুটিং থাকত। এমনও হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে রাত ২টা পর্যন্তও থাকতে হয়েছে। পরের দিন আবার সকাল ৮টায় কল থাকত।”
চরিত্রটি থেকে বাদ পড়া প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বৈশাখী বলেন, “খারাপ তো একটু লাগছেই। দীর্ঘদিন চরিত্রটির সঙ্গে বাস করেছি। তবে আগে তো জীবন। এর চেয়ে ভালো কিছু সামনে আসছে।”
বৈশাখী ঘোষের বদলে ‘নন্দিনী’ চরিত্রে দেখা যাবে সুষমা সরকারকে
