আলোচনায় থাকতে পাসওয়ার্ডের নেতিবাচক প্রচারে নির্মাতা
আলোচনায় থাকতে নিজেই ‘পাসওয়ার্ড’-এর নেতিবাচক প্রচারে নামার কথা স্বীকার করলেন চলচ্চিত্রটির পরিচালক মালেক আফসারী।
এর পেছনে যুক্তি হিসেবে একটি টেলিভিশন চ্যানেলের মালিকের গায়কি পরিচিতির কথা বলেছেন তিনি।
‘খারাপ’ গানের জন্য সংবাদ শিরোনাম হয়ে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন বলেও দাবি করেছেন এই চলচ্চিত্র নির্মাতা।
এবার ঈদে মুক্তির তালিকায় থাকা পাসওয়ার্ড চলচ্চিত্রে জুটি বেঁধে হাজির হচ্ছেন শাকিব খান ও বুবলী। শাকিব খান ফিল্মসের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি দিন তিনেক আগে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
ঈদে ‘নোলক’ ও ‘আবার বসন্ত’ নামে আরও দুটি চলচ্চিত্রের মুক্তির কথা থাকলেও ফেইসবুকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছে ‘পাসওয়ার্ড’।
ছবিটির প্রচারে গিয়ে চিত্রনায়ক শাকিব খান নিজেকে ‘ডক্টরেট’ ডিগ্রিধারী দাবি করে বিদ্রুপের মুখে পড়েছেন। চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশের পর প্রশংসার পাশাপাশি সমালোচনাও চলছে ফেইসবুকে। চলচ্চিত্র বিষয়ক ফেইসবুক গ্রুপগুলোতে সরাসরি চলচ্চিত্রটির ‘নেতিবাচক প্রচার’ করছেন অনেকে।
ছবি: মালেক আফসারীর ফেইসবুক থেকে নেওয়া।
নেতিবাচক প্রচার করে আলোচনায় থাকার পূর্বপরিকল্পনার অংশ হিসেবেই এটা করছেন জানিয়ে তিনি বলেন, “উনি (টেলিভিশন চ্যানেল মালিক) খারাপ গান করে বলে আমরা তাকে চিনি। উনি ভালো গাইলে জীবনেও এত জনপ্রিয় হতেন না। নেতিবাচক সংবাদ দিয়েই উনি এত জনপ্রিয়তা পেয়েছেন। উনাকে বাংলাদেশ তো বটেই বিশ্বের অনেক দেশের মানুষ এক নামে চেনেন। কিন্তু বাংলাদেশের অনেক কোটিপতি আছেন তাদের কেউ চেনে না।”
এ পরিচালক বলেন, “মানুষকে কেউ সালাম দিয়ে ভালো-মন্দ জিজ্ঞাসা করলে মনে রাখে না। কিন্তু কেউ একটা গালি দিলে ফিরে তাকাবেন তার দিকে। মনে রাখবেন। ব্যাপারটা অনেকটা এমন।”
চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশের পর বুধবার ‘পাগল মন’ শিরোনামে প্রথম গান প্রকাশ হয়েছে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে। ট্রেইলার ও গান থেকে ভালোই সাড়া মিলছে বলে জানালেন মালেক।
ছবিটি এবার সর্বোচ্চ ৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান তিনি। প্রেক্ষাগৃহের সংখ্যা না বাড়ানোর কারণ হিসেবে পরিচালক বলেন, “অনেকে এক লাখ টাকা নিয়ে আসছে। এত কম পয়সায় আমি ছবি দিই না। এবার আট লাখ টাকা পর্যন্ত বুকিং পেয়েছি। দেশের বাইরে এশিয়ার নয়টি দেশেও ছবিটি চলবে।”
ছবি: মালেক আফসারীর ফেইসবুক থেকে নেওয়া।
পাসওয়ার্ডও কোনো মৌলিক চলচ্চিত্র নয় জানিয়ে মালেক আফসারী বলেন, “মৌলিক ছবিকে আমি ঘৃণা করি। আমি নিজেই তো একটা মৌলিক মেকার। আমার মেকিংটাই মৌলিক। আমি চারপাশে যা দেখি তা নিয়ে ডিজাইনে ছবি তৈরি করি।
“যারা বুদ্ধিজীবী তারা মৌলিক ছবি বানায়। যাদের ছবি চলে বড়জোর ১০টি হলে। ২০০ সিনেমা হলে মৌলিক ছবি চলে? আমি হলাম মূলধারার ডিরেক্টর। মৌলিক ছবি বানাতে মাত্র ২৫ লাখ টাকা লাগে। আর আমি বানাই ৮ কোটি টাকার চলচ্চিত্র।”
এবার ঈদে মুক্তির তালিকায় থাকা আরেক চলচ্চিত্র ‘আবার বসন্ত’কে ‘২৫ টাকার চলচ্চিত্র’ আখ্যায়িত করে তিনি বলেন, “এগুলো তো নাটক, সিনেমা নাকি?”
অনন্য মামুন পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া।
এবার ঈদে মুক্তির তালিকায় আছে শাকিব খানের আরেক চলচ্চিত্র ‘নোলক’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ববি। ছবিটি শুরুতে রাশেদ রাহা নির্মাণ শুরু করলেও নির্মাণের মাঝে তাকে বাদ দিয়ে প্রযোজক সাকিব সনেট নির্মাণ শেষ করেন।
