২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বসেও সিনেমা বানাতে পারব: শাকিব

চলচ্চিত্রের ওপর নিজেকে ‘ডক্টরেট’ ডিগ্রিধারী দাবি করে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বলেছেন, শুধু লোকালয়ে নয়, শ্বাপদ-সংকুল সুন্দরবনে বসেও আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণে পারঙ্গম তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 03:17 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

রোববার একটি ফ্যাশন হাউজের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

এবার ঈদে মুক্তি পাচ্ছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাকিব খান ফিল্মস’র চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। এতে অভিনয়ও করেছেন তিনি; তার বিপরীতে আছেন চিত্রনায়িকা বুবলি।

‘পাসওয়ার্ড’র প্রচারে তিনি বলেন, “… আমি যেহেতু জানি, এই বিষয়ে আমি (চলচ্চিত্র) ডক্টরেট করা- ফলে সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়ে দেখাতে পারি। ‘পাসওয়ার্ড’ দেখে সবাই বলবে, এটা বাংলাদেশে তৈরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিরাট ছবি।”

তার এমন বক্তব্যের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ায় বিদ্রুপের মুখে পড়েছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় এ অভিনেতা।

এর আগে ‘দুই পৃথিবী’ চলচ্চিত্রের এক সংলাপে সুন্দরবনে ‘সিংহ থাকার’ অদ্ভুত সংলাপ দিয়ে বিদ্রুপের ‍মুখে পড়েছিলেন এ অভিনেতা।

এবার ঈদে ‘পাসওয়ার্ড’ মুক্তির আগে আবারও আলোচনার খোরাক জোগালেন শাকিব। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারি। শাকিব খান ফিল্মস’র সঙ্গে সহ-প্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল। সম্প্রতি বিনাকর্তনে সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শাকিব বলেন, “পাসওয়ার্ড’ শুধু আমার সিনেমা না। এটি বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিনেমা। এটি দিয়ে আমি এটি প্রমাণ করতে চেয়েছি, বাংলাদেশে ইন্টারন্যাশনালি সবচাইতে হাইটের সিনেমা বানাতে।”

কী কারণে ছবিটি আন্তর্জাতিক মানের- এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে ছবিটি সাংবাদিকদের দেখার পরামর্শ দেন তিনি।

এ চলচ্চিত্রের বাইরে এবার ঈদে ‘নোলক’ নামে শাকিব খানের আরও একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে কিন্তু সেই চলচ্চিত্রের কোনো প্রচারে দেখা যায়নি তাকে।

 তিনি জানান, তিনিও নিজেও চাচ্ছেন না ছবিটি এবার ঈদে মুক্তি পাক।

 “নোলকও ভালো ছবি কিন্তু আমি চাইনি। ‘শিকারী’র সময়ও দুই তিনটা সিনেমা রিলিজ করতে চেয়েছি কিন্তু তাদের না করতে বলেছি, কারণ আমি জানি যে, কোন সিনেমার হাইপ কেমন। ‘নবাব’র সময়ও বলেছি। ‘পাসওয়ার্ড’র সময়ও বলেছি। বাকিটা তাদের ওপর।”

‘নোলক’ চলচ্চিত্রে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ববি। ছবিটি শুরুতে রাশেদ রাহা নির্মাণ শুরু করলেও নির্মাণের মাঝে তাকে বাদ দিয়ে প্রযোজক সাকিব সনেট নির্মাণ শেষ করেন।

চলচ্চিত্র নিয়ে দুইজনের দ্বন্দ্ব মামলায় অব্দি গড়ায়। শেষে সাকিব সনেটের নামেই সেন্সর সার্টিফিকেট হয় ছবিটির, এবার ঈদে মুক্তির যাবতীয় প্রস্তুতি নেওয়া হলেও শাকিবকে ছবিটির প্রচারে পাচ্ছেন না বলে আক্ষেপ প্রকাশ করেন প্রযোজক।