‘তোমার আনাড়ি’ নিয়ে আসছেন শাহানা কাজী
আসছে ঈদুল ফিতরে ‘তোমার আনাড়ি’ শিরোনামে একটি মিউজিক ভিডিও আনছেন সংগীতশিল্পী শাহানা কাজী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ জুন মিউজিক ভিডিওটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যনেলে প্রকাশ হবে। প্রযোজক শাহেদ কাজীর নির্দেশনায় গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন; সুর ও সঙ্গীতায়োজন করেছেন শাদ শাহ।
শাহানা কাজী বলেন, “খুব সুন্দরভাবে সাজানো মিষ্টি কথার প্রেমের গান এটি। গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করা হয়েছে কানাডার সবচেয়ে বড় রেকর্ডিং ষ্টুডিওতে; যেখানে জাস্টিন বিবারসহ বিশ্বের অনেক খ্যাতিমান শিল্পীরা তাদের গান রেকর্ড করেছেন। ভিডিওটি চিত্রায়িত হয়েছে কানাডার নায়াগ্রা ফলসসহ বেশকিছু মনোরম জায়গায়।”
ইউটিউব চ্যানেল ছাড়াও কানাডার ব্লসম মিউজিকের ব্যানারে গানটির অডিও একই সাথে প্রকাশ হবে আইটিউনস, গুগল প্লে, অ্যামাজন, অ্যাপল মিউজিক, স্পটিফাই, টাইডাল, প্যান্ডোরা ও সাভনে।
২০১৫ সালের কানাডা থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসার কথা’। তিনি বলিউডের সংগীতশিল্পী সুনিধি চৌহান, কুমার শানু, অলকা ইয়াগনিক, সোনু নিগাম, আতিফ আসলাম, নেহা কাক্কার, আয়ুষ্মান খোরানাসহ অনেক শিল্পীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন।
