২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সিডনি চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্যের পর সিডনি ফিল্ম ফেস্টিভালে ২০১৯-এ নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। বুধবার দুপুরে গ্লিটজকে তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 06:05 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

সেন্সরবোর্ডের নিষেধাজ্ঞার কবলে পড়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনিশ্চয়তা মাথায় নিয়েই আন্তর্জাতিক আসরে যাত্রা শুরু করেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত শনিবার বিকেল। সম্প্রতি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি জিতে নেয় রাশিয়ান ফিল্ম ক্রিটিক ফেডারেশন জুরি প্রাইজ ও কমেরসান্ত প্রাইজ অ্যাওয়ার্ড।

বাংলাদেশে হলি আর্টিজান রেঁস্তোরায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এ চলচ্চিত্রটি এবার যাচ্ছে সিডনিতে। 

আগামী ১০ জুন দুপুর ২টায় এবং ১৩ জুন রাত ৮টায় সিডনির ‘ড্যান্ডি অপেরা সিনেমা হলের সিনেমা ওয়ান’-এ চলচ্চিত্রটির দুইটি প্রদর্শনী হবে। উৎসবে অংশ নিতে মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সিডনি যাচ্ছেন আগামী ৯ জুন।  ফারুকী জানান, চলচ্চিত্রটি উৎসবে উপস্থাপন করা ছাড়াও তারা অংশ নিবেন প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য আনুষ্ঠানিকতায়।

কেমন ছবি ‘শনিবার বিকেল’? দর্শকদের কৌতুহল মেটাতে সিডনি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ তাদের প্রোগ্রাম নোটে লিখেছে, “বার্লিন ফেস্টিভ্যালে সিলভার বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার আজিজ জাম্ভাকিয়েভের অনন্য সাধারণ এক সিঙ্গেল শটের মধ্য দিয়ে এই অডাশিয়াস ছবি ‘শনিবার বিকেল’ আমাদেরকে নিয়ে যায় ঢাকার একটা রেস্টুরেন্টের ভেতরে ঘটে যাওয়া এক ভীতিকর সময়ে। কিন্তু ফারুকীর আসল উদ্দেশ্য সন্ত্রাসের চিত্রায়ণ নয়। তার আসল আরাধ্য বিভিন্ন ধর্ম-বর্নের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার উদ্বোধনে।”

চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

২০১৭ সালের ৩০ ডিসেম্বর ছবিটির মহড়া শুরু হয়। শুটিং শুরু হয় গত বছর ৫ জানুয়ারি। রাজধানীর কোক স্টুডিওতে চিত্রায়িত হয় চলচ্চিত্রটি। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে।