২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুবীর নন্দীকে নেওয়া হল সিঙ্গাপুরে

দুই সপ্তাহের বেশি গুরুতর অসুস্থ কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 02:16 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মি‌নি‌টে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সুবীর নন্দীকে নিয়ে এয়ার অ্যাম্বু‌লে‌ন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে বলে তার জামাতা ডা. রা‌জেশ শিকদার জানিয়েছেন।

সুবীর নন্দীর সঙ্গে আছেন তার মেয়ে ফাল্গুনী নন্দী। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা নাগাদ তাদের সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সুবীর নন্দীর চিকিৎসা হবে বলে ডা. রাজেশ জানান।

এর আগে সোমবার রা‌তে সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বু‌লে‌ন্সে সুবীর নন্দীকে নিয়ে রওনা করার পর সেটিতে যা‌ন্ত্রিক ত্রু‌টি দেখা দিলে ফেরত আনা হয়। রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালেই (সিএমএইচে) রাখা হয় শিল্পীকে।

সকালে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সে সুবীর নন্দীকে নিয়ে যাত্রা করা হয় সিঙ্গাপুরের উদ্দেশে।

একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবীর নন্দী গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে সিএমএইচে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন।

৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।

সিএমএইচে লাইফ সাপোর্টে  থাকা সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুবীর নন্দীর ‍চিকিৎসার বিষয়ে গত ১৯ এপ্রিল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম ও ডা. সামন্ত লাল সেন।

তখনই প্রধানমন্ত্রী সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেনই সিঙ্গাপুরের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সাড়া পেয়েই এই শিল্পীকে সেখানে পাঠানো হচ্ছে।

এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী দুই দফায় সব ধরনের সহযোগিতা দিয়েছেন।