২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মীরাবাঈ আসছে মঞ্চে

কৃষ্ণপ্রেমী মীরাবাঈ-এর জীবনকাহিনীর উপর নির্মিত হলো নৃত্যনাট্য ‘মীরা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 06:06 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

নৃত্যসংগঠন নৃত্যাঞ্চলের প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নৃত্যনাট্য ‘মীরা’। আগামী ১৩ এপ্রিল এটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের প্রখ্যাত কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্যের পরিচালনায় এই নৃত্যনাট্যে ‘মীরা’র ভূমিকায় রূপ দিয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী কাজল ইব্রাহীম।

অন্যদিকে নৃত্যনাট্যটিতে রাধার চরিত্রে রূপ দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা এবং কৃষ্ণের চরিত্রে রূপ দিয়েছেন কলকাতার প্রখ্যাত নৃত্য পরিচালক সুকল্যাণ ভট্টাচার্য। নৃত্যনাট্যের অয়ন ঘোষ ও সম্রাট আকবরের চরিত্রে রূপ দিয়েছেন দেশের আরেক প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ।

তারকাবহুল নৃত্যনাট্যটিতে আরও অংশগ্রহণ করেছেন নৃত্যাঞ্চলের প্রায় ৫০ জন শিল্পী। নৃত্যাঞ্চলের পক্ষ থেকে শিবলী মোহাম্মদ জানান, উদ্বোধনী মঞ্চায়নের আগে প্রতিদিনই মহড়া চলছে ‘মীরা’র।

গ্লিটজকে তিনি বলেন, “এটি কোন বাণিজ্যিক প্রযোজনা নয়, খুবই ক্লাসিক্যাল একটি নৃত্যনাট্য হতে যাচ্ছে এটি। ঐতিহাসিক চরিত্রটির মধ্য দিয়ে অনেক অজানা তথ্যও আমরা জানতে পারবো নৃত্যনাট্যটির মধ্য দিয়ে। ধর্মের উর্ধ্বে উঠে মানবতার কথা বলবে নৃত্যনাট্যটি। মিউজিকেও মুগ্ধ হবে দর্শকরা।”

নৃত্যনাট্যটির সঙ্গীত পরিচালনা করেছেন স্নেহাশীর্ষ মজুমদার। ১৩ এপ্রিল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘মীরা’।