২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমা হলে ধর্মঘট স্থগিত

তথ্য মন্ত্রণালয়ের আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিল প্রেক্ষাগৃহ মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 06:46 PM

Updated : 08 Apr 2022, 04:01 PM

সোমবার তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানান চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

গত ১৩ মার্চ সংবাদ সম্মেলন করে বিদেশি ছবি আমদানির নীতিমালা শিথিল করার পাশাপাশি দেশীয় ছবি নির্মাণ বাড়ানোর উদ্যোগ না নিলে ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছিল প্রদর্শক সমিতি।

কর্সসূচি স্থগিতের বিষয়ে নওশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্যমন্ত্রী আমাদের মূল সমস্যাটা অনুধাবন করতে পেরেছেন।

“উনি বলেছেন, সিনেমা হলের মূল্যায়ন করতে হবে। সিনেমা হল বাঁচানোর জন্য পরিচালকদের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধান করবেন।”

ঢাকার মধুমিতা সিনেমা হলের মালিক নওশাদ এখন ‘ইতিবাচক সমাধান’ আশা করছেন।

তবে আশ্বাসে বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আবারও ধর্মঘট ডাকার হুমকিও দিয়ে রেখেছেন তিনি।

তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিনসহ বিভিন্ন প্রেক্ষাগৃহ মালিকরা উপস্থিত ছিলেন।