২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ‘তামসিক’-এর দুই প্রদর্শনী

দীর্ঘদিনপর মঞ্চে আসছে তীরন্দাজ নাট্যদলের সাম্প্রদায়িকতা বিরোধী নাটক ‘তামসিক’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 08:03 PM

Updated : 08 Apr 2022, 04:01 PM

অপু মেহেদীর রচনায় কাজী রকিবের নির্দেশনায় ফের মঞ্চে আসছে তীরন্দাজ নাট্যদলের চতুর্থ প্রযোজনা ‘তামসিক’। আগামী ২ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটির দু’টি প্রদর্শনী। দলটি জানায়, প্রথম শো সন্ধ্যা ৬টায় ও দ্বিতীয় শো অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

নাটকটি প্রসঙ্গে নাট্যকার অপু মেহেদী জানান, ধর্মের অপব্যবহার, ধর্ম নিয়ে রাজনীতির কবলে আটকে পড়া মানুষের সত্য ও আলোর পথে নিরন্তর যাত্রার গল্প ‘তামসিক’।

নির্দেশক কাজী রকিব বলেন, “ধর্মীয় গোঁড়ামি,অজ্ঞতা, উগ্রতা আর পুঁজিবাদের নিষ্পেষণে বিপন্ন মানুষ, মনুষ্যত্ব ও মানবতাবাদ। অপ্রতিরোধ্য এই ব্যাধির বিরুদ্ধে মানুষের অস্তিত্বহীনতা ও অস্তিত্বের লড়াইয়ের উপাখ্যান ‘তামসিক’ নিয়ে আমাদের এই নবযজ্ঞ।”

তিনি আরও বলেন, রিহার্সেল রুমের অপ্রতুলতা, সামাজিক নানা রকম সংকটের মধ্য দিয়ে কিছু তরুণ প্রতিভাবান নাট্যবন্ধুদের প্রাণপণ সহযোগিতায় নাটকটির মঞ্চায়ন সম্ভব হচ্ছে। ভুল ত্রুটি যেমন মার্জনীয়, তেমনি গঠনমূলক সমালোচনাও কাম্য।”

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তামান্না তমা, তমাল খান, সোলায়মান মামুন, নিলয় চৌধুরী, রফিকুল সেলিম, হাসান মাহদী লাল্টু, কাজী রাকীব, অমিত শিবরাম, মারুফ মুন্না, সোহাগ লিটন,  নুসরাত তিথি, সানজিদা প্রমি, আরিয়ান সোহাগ, মামুন, সৌরভ, শাহী, মাসুম, তানভীর, রিয়ান প্রমূখ।