প্রথম দিনেই ‘হাউজফুল’ লাইভ ফ্রম ঢাকা
দেশের মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’।
শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায় চলচ্চিত্রটি। প্রযোজক শামসুর রহমান আলভী জানালেন, অন্যান্য হল মালিকরা ছবিটি নিতে সাহস না করলেও স্টার সিনেপ্লেক্সে প্রথম দিনের সবগুলো শোতেই ‘অভাবনীয়’ সাড়া মিলেছে।
তিনি বলেন, “প্রথম দিনের প্রতিটি শো-ই হাউজফুল গেছে। আমাদের প্রত্যাশার বাইরে ছিল এটি। যথাযথ প্রচারণা ছাড়াই এটা ঘটেছে। আশা করছি, মানুষের মুখে মুখেই ‘লাইভ ফ্রম ঢাকা’র কথা ছড়িয়ে যাবে। এ রকম চললে, আমার ধারণা অন্য হল মালিকরাও আগ্রহী হবেন চলচ্চিত্রটি প্রদর্শনের।”
তিনি জানান, বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে প্রতিদিন তিনটি করে শো চলবে। সকাল ১১টা ১০ মিনিট, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টা ৫মিনিটে দেখানো হবে চলচ্চিত্রটি।
‘খেলনা ছবি’ ও গুপি বাঘা প্রডাকশনস-এর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। এছাড়াও অভিনয় করেছেন তাসনোভা তামান্না, তানভীর আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, রনি সাজ্জাদ, শিমুল জয় ও উজ্জ্বল আফজাল।
২০১৬ সালে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘লাইভ ফ্রম ঢাকা’ চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে সেরা পরিচালক ও সেরা অভিনেতা বিভাগে দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার পায় চলচ্চিত্রটি।
পরের বছর পোল্যান্ড ও রটারডামের আরও দুটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এই চলচ্চিত্র। প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সেলস এজেন্ট প্রতিষ্ঠান ‘স্ট্রে ডগস’ বিশ্ববাজারে ছবিটির মুক্তি ও প্রদর্শনীর দায়িত্ব নেয়।
