২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মিনিটের নাচে নারী জীবনের গল্প

নতুন নৃত্যপ্রযোজনা নিয়ে এলো তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2019, 05:56 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

“আজকের বিশ্বে নানান পেশায় নারী সফলতার সাথে কাজ করে যাচ্ছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে নারীর সবচেয়ে বড় পরিচয় একজন বিজয়িনীর, যে এই পৃথিবীকে ভালবাসার শক্তি দিয়ে সব অশুভ’র ভয়াবহতা থেকে রক্ষা করতে পারে- এই ভাবনাকে অবলম্বন করে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার নির্মাণ করেছে বিশেষ কোরিওগ্রাফী ‘বিজয়িনী’- দলের নতুন প্রযোজনা প্রসঙ্গে এমনটাই বলছিলেন দলের অধিকর্তা নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।

গত ২ মার্চ মিডিয়াকমের আয়োজনে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১৮’ প্রদান অনুষ্ঠানে বিজয়িনী’র প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এবার নারী দিবস উপলক্ষে তাদের এ নৃত্যপ্রযোজনাটি বিশেষভাবে প্রচার করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশন।

তুরঙ্গমীর শিল্পীদের পরিবেশনায় প্রযোজনাটির মূলভাবনা, পান্ডুলিপি, নৃত্য নির্মাণ ও নির্দেশনায় ছিলেন পূজা সেনগুপ্ত। এটির সংগীত পরিচালনা করেছেন  তানভীর আলম সজীব।

নতুন প্রযোজনাটির বিশেষত্ব সম্পর্কে পূজা আরও বলেন, ‘‘ছয় মিনিটের মধ্যে ষাট মিনিটের গল্প বলার চেষ্টা করেছি। এটা যে কোন মেয়ের গল্প। যে কোন মেয়ে এটার সাথে রিলেট করতে পারবে। কাজটা চ্যালেঞ্জিং ছিল। তবে মঞ্চায়নের পর দর্শকদের প্রশংসা পেয়ে আশ্বস্ত হয়েছি।’’

দর্শকরা ‘বিজয়িনী’  দেখতে পাবেন আগামী ৮ মার্চ রাত ৮টায় মাছরাঙ্গা টিভির পর্দায়।