২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকেই অতিক্রম করলেন কনা

এক সপ্তাহের ব্যাবধানে পরপর দুই গানে দুই কোটির বেশি দর্শক-শ্রোতা স্পর্শ করলেন কনা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 06:16 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

কণ্ঠগুণে ক্রমশ ওপরের দিকে উঠছেন দিলশাদ নাহার কণা। এরই মধ্যে চলচ্চিত্র ও ভিডিও গানে গড়েছেন রেকর্ড। ইউটিউবের ভিউ বিচারে এখন দেশের নারী কণ্ঠশিল্পীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দুই কোটি ভিউয়ের ঘর অতিক্রম করেছে কণার গাওয়া ‌‘ইচ্ছেগুলো’ গান-ভিডিওটি। ২০১৭ সালের ২৭ এপ্রিল নিজেদের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও)।

জানা গেছে, গত মাসে দেশের প্রথম নারী কণ্ঠশিল্পী হিসেবে অডিও-ভিডিও বাজারে প্রথম দুই কোটি ভিউয়ের রেকর্ড গড়েন কণা। ‘রেশমী চুড়ি’ নামের সেই গানটি প্রকাশ পেয়েছিল তিন বছর আগে, ২০১৬ সালের ৩১ মার্চ। অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে একই শিল্পীর গাওয়া ‘ইচ্ছেগুলো’-ও একই রেকর্ড অর্জন করে। তবে সেটি মাত্র দুই বছরের ব্যবধানে।

২০১৬ সালের পহেলা বৈশাখ উপলক্ষে কনা গেয়েছিলেন ‘রেশমী চুড়ি’।  জনপ্রিয়তায় গানটি  চলতি বছর ফেব্রুয়ারিতেই স্পর্শ করেছিলো দুই কোটি শ্রোতার মন। ইউটিউবভিত্তিক শ্রোতা-দর্শক সংখ্যা গণনায় এটিই ছিলো প্রথম কোন নারী শিল্পীর প্রথম কোটি স্পর্শ করার রেকর্ড। কিন্তু এ রেকর্ড-এর খবর প্রকাশের আগেই এক সপ্তাহের ব্যবধানে কনার গাওয়া আরও একটি গান স্পর্শক করলো দুই কোটি ভিউ।  সিএমভির ব্যানারে কনার গাওয়া ‘ইচ্ছেগুলো’ গানটিও জনপ্রিয়তার এমন স্বীকৃতি পেলো।

নিজেকে অতিক্রম করার এমন ঘটনায় উৎসাহিত বোধ করছেন কনা। তিনি বলেন,  “আমি তো মন দিয়ে গানটাই গাই। ভিডিওর বিষয়েও সহযোগিতা থাকে সবসময়। এরপর সেটি চলে যায় প্রযোজক হয়ে শ্রোতা-দর্শকদের হাতে। তারা গানটি পছন্দ করলে ভালোলাগে। উৎসাহ পাই। এই যে ভিউ কিংবা রেকর্ড- এটাও একটা উৎসাহের বিষয়। আরও ভালো গান করার জন্য এই উৎসাহ খুব কাজে লাগে।”

‘ইচ্ছেগুলো’ গানটিতে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিওতে মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের তাসনুভা তিশা। এতে আছে কণার উপস্থিতিও। ভিডিওটি নির্মাণ করেছেন একে পরাগ।

অন্যদিকে, ‘রেশমী চুড়ি’ শিরোনামের গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।  সুর ও সংগীত প্রযোজনা করেছেন আকাশ সেন। গানটিতে মডেল হয়েছিলেন কনা নিজেই।