হানিফ সংকেতের ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’
প্রতিবছরের মতো এবারের একুশের বইমেলায়ও প্রকাশিত হয়েছে জনপ্রিয় উপস্থাপক ও লেখক হানিফ সংকেতের নতুন বই।
“কথায় আছে, ‘নিঃশ্বাসের বিশ্বাস নাই’ অর্থাৎ যে কোন সময়ই নিঃশ্বাস চলে যেতে পারে। কিন্তু বিশ্বাস যখন বারবার অবিশ্বাস্য আঘাতে জর্জরিত হতে থাকে, তখন মনে হয়-বিশ্বাসই যেন আর নিঃশ্বাস নিতে পারছে না। সেই বোধ থেকেই বিভিন্ন সময়ে প্রকাশিত লেখাগুলোর সংকলন ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’।”-নিজের নতুন বই সম্পর্কে এমনটাই বললেন, হানিফ সংকেত।
ম্যাগাজিন ‘ইত্যাদি’খ্যাত জনপ্রিয় এ উপস্থাপক বলেন, “মিডিয়াতে আমার শুরুটাই লেখালেখি দিয়ে। আর সেটা সত্তর দশকের শুরু থেকেই। দর্শকদের ভালোবাসার কারণে ইত্যাদিকে নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সবসময় লিখতে পারি না। কারণ গত ৩০ বছর ধরেই আমাকে একটা সিডিউল মেনে চলতে হচ্ছে। আর সেই সিডিউলটা আমার হাতে নয়, টিভির হাতে। একটি নির্দিষ্ট তারিখে ইত্যাদি প্রচার হয় বলে আমাকে সেই তারিখের পূর্বে অনুষ্ঠানটি নির্মাণ করে জমা দিতে হয়। তবে যতই ব্যস্ত থাকি না কেন মনের ক্ষুধার তাড়নায় চেষ্টা করি সংখ্যায় বেশি না হলেও বছরে অন্ততঃ একটি হলেও বই প্রকাশ করতে।”
‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’ বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রসঙ্গত, বিভিন্ন প্রকাশনী থেকে ইতিপূর্বে হানিফ সংকেতের ৩০টির মত গ্রন্থ প্রকাশিত হয়েছে।
