ঢাকা ও দিল্লিতে টানা মঞ্চায়নে ‘ম্যাকবেথ’
ঢাকা ও ভারতের দিল্লিতে মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা ‘ম্যাকবেথ’ ।
২০১৮ সালের ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালের নাটমণ্ডলে টানা ৮টি প্রদর্শনীর মাধ্যমে মঞ্চে যাত্রা শুরু করে ‘ম্যাকবেথ’।
মাস কয়েক বিরতির পর আগামী ২৮-৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ঢাবি নাটমণ্ডল মিলনায়তন এবং ২-৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে ‘ম্যাকবেথ’। ২৮ জানুয়ারি সন্ধ্যায় নাটমণ্ডল মিলনায়তনে ‘ম্যাকবেথ’-এর টানা চারদিনের এ মঞ্চযাত্রার উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। আরো থাকবেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
ম্যাকবেথ প্রসঙ্গে ইসরাফিল শাহীন বলেন, “এই আততায়ী সময়ে- আমাদের জীবন, আমাদের দেশ, আমাদের পৃথিবীর অন্তর্গত বিপন্নতা যেন হত্যা ও রক্তে পরিপ্লুত ম্যাকবেথের মতন। আমরা যা করে ফেলি আর আমাদের নৈতিক মূল্যবোধ অর্থাৎ কর্ম ও মর্ম-এ দুয়ের সংঘর্ষই যেন ম্যাকবেথ। এই সংঘর্ষই যেন মানুষের নিয়তি।”
নাটকটিতে অভিনয় করেছেন এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছে অনার্স ২য় সেমিস্টার, ৪র্থ সেমিস্টার ও ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরাও। নতুন করে ঢাকায় মঞ্চায়ন ও ভারতের আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ উপলক্ষে বর্তমানে নাটমণ্ডলে চলছে এর বিরামহীন মহড়া।
