এফডিসিতে ব্যাডমিন্টনের লড়াইয়ে তারকারা
এফডিসিতে শুরু হয়েছে তারকাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সেলিব্রেটি ব্যাডসিন্টন লীগ (সিবিএল)। নূর ক্রিয়েশনস আয়োজিত এ প্রতিযোগিতায় জয়ের জন্য লড়বে তারকাদের মোট ১২ টি দল।
শীতের হিম কুয়াশায় ব্যাডমিন্টন খেলার রেওয়াজ বাংলাদেশে বহুদিনের। জনপ্রিয় এ খেলায় এবার মেতে উঠছেন রঙিন জগতের তারকারা। রবিবার সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো সেলিব্রেটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
এফডিসিতে তারা ঝলমলে উপস্থিতিতে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এ ব্যতিক্রমী আয়োজন। এ সময় তারকারা ছাড়াও বিশেষভাবে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, আরএফএল প্লাস্টিকসের হেড অফ মার্কেটিং আরাফাতুর রহমান, ঘরে বাজারের কর্মকর্তা মনির হোসেন সোহেল, নির্মাতা শাহীন সুমন, শাহীন কবির টুটুল, অপূর্ব রানা ও এই আয়োজনের তত্ত্বাবধায়ক মইনুল হক রোজসহ অনেকেই।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, “আয়োজকদের সাধুবাদ, এত অল্প সময়ে এত বড় একটা আয়োজন করে ফেললো। এটা দিয়ে প্রমাণ হয় আমাদের তরুণরা একেকটা হীরের খণ্ড। একটু উৎসাহ পেলেই জ্বলে উঠতে পারে। আমি এই তরুণদের উপরেই আস্থা রাখি। আমি চাইবো এ যাত্রা যেন না থামে কখনো।”
লীগের টাইটেল স্পন্সর আরএফএল প্লাস্টিকসের হেড অফ মার্কেটিং আরাফাতুর রহমান বলেন, “সেলিব্রেটিরা নানা ব্যস্ততায় থাকেন। তারা সময় পান না এ ধরনের রিফ্রেশমেন্টের। সেদিক থেকে এই টুর্নামেন্টকে তারকাদের মিলন মেলাও বলা চলে। আমি এর সাফল্য আশা করছি।”
জানা যায়, ‘সাম্পান’ ও ‘পানসি’ নামে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারী ১২টি দলকে। এর মধ্যে আছে সংগীতশিল্পী আসিফ আকবর, ক্লোজ আপ ওয়ান তারকা লিজা, তানভীর তারেক, চিত্রনায়ক ইমন, বাপ্পী চৌধুরী, আব্দুল আজিজ, সালমান মুক্তাদীর, শওকত আলী ইমন, রাজিব, নায়ক নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাঞ্জু জন, আশিক, আহমেদ হুমায়ূন, শাহীন কবির টুটুল-অপূর্ব, রানা, রুদ্র রুদ্রাক্ষ, মানজুর কাদের জিয়া, ইমরুল নূর, পান্থ আফজাল প্রমুখ।
সদ্য প্রয়াত আহমেদ সংগীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল, কিংবদন্তী ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে শ্রদ্ধা জানিয়ে টুর্নামেন্ট শুরুর প্রথম দিনে প্রথম ম্যাচে শিল্পী সমিতির টিম জয় ও জনের মুখোমুখী হন কাজী শুভ ও প্রত্যয় খান। দ্বিতীয় ম্যাচে অংশ নেন আনিসুর রহমান মিলন-সাইফ চন্দন ও শিমুল খানের টিম নায়ক নিরব ও ভিলেন ডন।
টুর্নামেন্টটি স্পন্সর করেছে আরএফএল প্লাস্টিক। মিনিস্টার, উইনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঘরে বাজার, রোদ্দুর ও মাই স্পোর্টস এপস।
