ইমরানের ‘ভ্যালেন্টাইন’ গানে ফের মডেল সাফা
‘ভালোবাসা দিবস’ উপলক্ষে প্রকাশিত হচ্ছে ইমরানের নতুন গান ‘আমার কাছে তুমি অন্যরকম’।
ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন হালের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। শুধু গানেই নয়, মিউজিক ভিডিওতেও পারফর্ম করেছেন তিনি। তার সঙ্গে এ গানে মডেল হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ২০১৮ সালের ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গানেও ইমরানের মডেল ছিলেন তিনি।
মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, এরইমধ্যে গানের রেকর্ডিং ও শুটিং শেষ। চলছে সম্পাদনার কাজ।
গানটি প্রসঙ্গে ইমরান বললেন, ‘‘আমার গান নিয়মিত প্রকাশ পাচ্ছে। তবে আমার আর সিএমভি’র কাজের বিষয়টা বরাবরই একটু আলাদা। মানে আমরা দুই পক্ষ এক হয়ে খুব কম কাজ করেছি। অথচ যে ক’টা করেছি তার সবগুলোই সফল। আমাদের শেষ কাজ এক বছর আগে- ‘এমন একটা তুমি চাই’। এটা আমার ক্যারিয়ারের অন্যতম হিট অডিও এবং ভিডিও কাজ। আশা করি এবারও সবাই মুগ্ধ হবেন।’’
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্র জানায়, ৫ ফেব্রুয়ারি গানটির ভিডিও প্রকাশিত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
