২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমোচনীয় কালির আঙুল দেখালেন তারকারা

জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান যেন উৎসব। সে উৎসবে সাধারণ নাগরিক হিসেবে সামিল হলেন তারকারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2018, 05:49 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

ভোট উৎসবে মেতেছেন তারকারাও। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে অমোচনীয় কালির দাগে রাঙানো বুড়ো আঙুল দেখিয়েছেন তারা।

দেশের একজন নাগরিক হিসেবে নিজের মত প্রকাশের আনন্দে ভাসছেন তারা। বেশিরভাগ তারকার মতে, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। ভোট কেন্দ্রে গিয়ে দেখা হয়েছে নিজ ঘরানার অন্যান্য শিল্পীদের সঙ্গে।

ধানমন্ডিতে একটি কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিয়েছেন মেহের আফরোজ শাওন। কেন প্রথম বারের মতো ভোট? এমন প্রশ্নের উত্তরে বিব্রত হতে চাইলেন না তিনি। আগের রাতেই দুই পুত্র নিশাদ ও নিনিতকে নিয়ে ছবি তুলে জানিয়েছেন ‘আমাদের মার্কা নৌকা’।

নির্মাতা চয়নিকা চৌধুরী দুই সন্তানকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। তার দাবি শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছেন তিনি। তিনি বলেন, “খুব সুন্দর করে সবাই মিলে উৎসব মুখর পরিবেশে এবং সুশৃংখলার ভিতর ভোট দিয়ে আসলাম। আমার আনন্দ এইবার বেশি।কারণ,আমার ছেলে এবং মেয়ে এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলো। লাইনে দাঁড়িয়েছে, ভোট দিয়েছে। আমরা উন্নয়নশীল বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে।”

চিত্রনায়ক ওমর সানি ভোট দিয়ে এসে বলেছেন- “নিজ অধিকার বলে থাকুন উজ্জ্বল সবসময়!” চিত্রনায়ক বাপ্পি মুজিব কোট আর সাদা পাঞ্জাবীতে সেজে ভোট দিয়েছেন। বললেন, “লাইফে সেকেন্ড টাইম ভোট দিলাম। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে এমন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি।”

চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমী ভোট দিয়েছেন ধানমন্ডি কলাবাগানের মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। ভোট দিয়ে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন- আমি ভোট দিয়েছি। ভোট দিয়েছি আমার দেশের জন্য, যে দেশের জন্য আমি সংগীত সৃষ্টি করি। যে দেশকে আমি সবচেয়ে ভালোবাসি।”

ফেইসবুকে ছবি শেয়ার করে তারিন লিখেছেন, নির্ঝঞ্ঝাট, সুষ্ঠু, সুন্দর পরিবেশ ভোট কেন্দ্রে। কোনো ঝামেলা ছাড়াই উৎসব মুখর পরিবেশে আনন্দের সাথে ভোট দিয়ে এলাম। কেন্দ্রে মানুষের ভিড়। সবাই আনন্দের সাথে ভোট দিচ্ছে।

ফেনী ৩ আসন থেকে মহাজোটের মনোনয়ন চেয়েও না পেয়ে সোনাগাজী দাসের হাট উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।

এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেণ একঝাঁক তারকা। নীলফামারি ২ আসন থেকে সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর,  ঢাকা ১৭ আসন থেকে চিত্রনায়ক ফারুক, মানিকগঞ্জ-২ আসন থেকে কণ্ঠশিল্পী মমতাজ বেগম, চিত্রনায়ক সোহেল রানা বরিশাল-২ আসন থেকে, সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ-১, সংগীতশিল্পী বেবি নাজনীন নীলফামারী-৪ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন।