২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাভার সংয়ে’ কারাদণ্ড: অভিযোগ করার কেউ নেই

গানের সত্বাধিকারীর অনুমতি ছাড়াই কাভার সংয়ের হিড়িক চলছে ফেইসবুক ও ইউটিউবে; অনুমতি ছাড়া গান কাভার করা কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ হলেও শিল্পীদের তরফ থেকে এখনও কোনও অভিযোগ দাখিল করা হয়নি কপিরাইট অফিসে।

সাইমুম সাদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2018, 08:00 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

আইনটি নিয়ে ‘শিল্পীদের পরিস্কার ধারণা না থাকায়’ এমনটি ঘটছে বলে জানালেন কপিরাইট অফিসের রেজিস্টার জাফর রাজা চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনও গান কাভার করতে চাইলে অবশ্যই স্বত্বাধিকারীর অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া গান কাভার করা দণ্ডনীয় অপরাধ। আমি অবাক হয়ে যাই, ইউটিউবে প্রচুর কাভার সং প্রকাশ করা হচ্ছে। এটা করতেই পারে না; এটা আইনের ষ্পষ্ট লঙ্ঘন।”

কপিরাইট আইনের ৭৮ ধারায় উল্লেখ আছে, গীতিকার বা সুরকার নিজের গানের বিষয়ে সম্মান ও সুখ্যাতি ক্ষুন্ন হওয়ার কারণে বিনা অনুমতিতে পরিবেশনের জন্য ক্ষতিপূরণ দাবী কিংবা পরিবেশনা বন্ধ করার অধিকার প্রয়োগ করতে পারেন।

আইনটির ৮২(১) ধারায় বলা আছে, সত্বাধিকারীর অনুমতি ছাড়া কোনও গান কাভার করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

ইচ্ছাকৃতভাবে আইনটি লঙ্ঘন করলে কিংবা এতে সহযোগিতা করলে সর্বোচ্চ ৪ বছর ও সর্বনিন্ম ৬ মাসের কারাদণ্ডের বিধান আছে। এছাড়া সর্বোচ্চ ২ লক্ষ টাকা ও সর্বনিন্ম ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে।

কাভার সংয়ের শিল্পীরা যা বলছেন

কাভার সংয়ের মধ্য দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন দুই তরুণ শিল্পী মাহতিম সাকিব ও টুম্পা খান।

চলতি বছরের মাঝামাঝিতে সাবিনা ইয়াসমিনের  ‘এই মন তোমাকে দিলাম’ গানটি কাভার করে রাতারাতি তারকা বনে গেছেন সাকিব।

কাভারের ক্ষেত্রে গানের সত্বাধিকারীর কোনও অনুমতি নিয়েছেন কি না? এমন প্রশ্নে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি এ উঠতি শিল্পী।

উঠতি শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ শিরোনামে একটি গান কাভার করে আলোচনার প্রাদপ্রদীপে উঠে আসা আরেক তরুণ শিল্পী টুম্পা খান শিরোনামহীনের ‘জাদুকর’সহ বেশ কয়েকটি গান কাভার করে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

কাভারের আগে গানগুলোর সত্বাধিকারীর অনুমতি নিয়েছিলেন?

টুম্পা খান বলেন, “আমি তো সাধারণ মানুষ, কিভাবে তাদের সঙ্গে কথা বলবো? যতটুকু ক্রেডিট দেওয়া প্রয়োজন ততটুকু ক্রেডিট ভিডিওতে দিয়েছি।”

সত্বাধিকারীর অনুমতি ছাড়া গান কাভার করা শাস্তিযোগ্য অপরাধ-এ বিষয়টি আগে জানতেন না বলে দাবি করেন তিনি।

“আমি কখনও বিষয়টি নিয়ে রিসার্চ করিনি। সাধারণ মানুষ আমি, সেই চিন্তাভাবনা থেকেই কাজগুলো করেছি।”

কাভার সংয়ের মধ্য দিয়ে মূল গানের সুর বিকৃতির অভিযোগও বেশ পুরানো।

বিকৃতির প্রসঙ্গে তার ভাষ্য, “আমি কখনও বিকৃতি করে করেছি-এটা বলব না। আসল গানটাকে ওই গানের মতো রেখে আমার মতো করে গাওয়ার চেষ্টা করেছি।”

কপিরাইট আইনটি জানার পর এখন থেকে কোনও গান কাভারের ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলে জানান তিনি।

“কপিরাইট ইস্যুটা এখন অনেক বড় ইস্যু। এখন থেকে যাদের রিচ করা সম্ভব তাদের কাছ থেকে অনুমতি নিয়েই কাভার করব। আর যাদের রিচ করা সম্ভব না তাদের প্রাপ্য ক্রেডিট দিয়ে কাভার করব।”

মাহতিম সাকিব, টুম্পা খান ছাড়াও জেফার রহমানসহ এই প্রজন্মের আরও অনেক শিল্পীই জনপ্রিয় গানগুলো কাভার করেছেন।

‘প্রয়োজনে হাই কোর্টে যাবো’

শিল্পীদের জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে ভিডিও আকারে অন্তর্জালে ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। তরুণ শিল্পীদের বিরুদ্ধে মূল গানের সুর বিকৃতির অভিযোগও তুলেছেন অনেক জ্যেষ্ঠ শিল্পী।

শিল্পীদের সম্মানী-অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক আলাউদ্দিন আলীও ‘কাভার সং’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সংগীত পরিচালক বলেন, “এই কাভার সংয়ের আবিষ্কারকটা কে? আমার গান নকল করার অধিকার কারও নেই। আমাকে না জানিয়ে কাভার করা বে-আইনী। মামলা করলে অবশ্যই দণ্ড হবে। আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি, প্রয়োজনে বিষয়টি নিয়ে হাই কোর্টে যাবো।”

কপিরাইট আইনটি তো বেশ পুরানো; এতদিনেও কোনও শিল্পী এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেননি কেন?

শিল্পীদের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বললেন, “হুজুগে বাঙালি যখন দেখবে, কেউ মামলা করে লাভবান হয়েছে তখনই মামলা করা ‍শুরু করবে। তার আগে কেউ করবে না। আমরা আসলে অন্যান্য দেশের তুলনায় দেড়’শ থেকে দুইশো বছর পেছিয়ে পড়ে আছি।”

‘কাভার করা দোষের কিছু না’

বিষয়টি নিয়ে ভিন্নমতও এসেছে শিল্পীদের তরফ থেকে। এই প্রজন্মের প্রতিষ্ঠিত শিল্পীদের মধ্যে অন্যতম নাজমুন মুনিরা ন্যান্সিও শুরুর দিকে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লাসহ অনেক শিল্পীর গান কাভার করেছেন। অনেক শিল্পী ‘প্রতিষ্ঠা পাওয়ার আগে কাভার সংয়ে’ নিজের কণ্ঠ ঝালিয়ে নেন বলে জানান তিনি।

কাভার সংয়ে দোষের কিছু দেখেন না; বরং একজন শিল্পী হিসেবে এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে তার ব্যাখ্যা, “তারা ভালোলাগার জায়গা থেকেই গান কাভার করছেন। দশ বছর পর যখন দেখব, আমার গানটা কেউ মন দিয়ে গাইছেন তখন নিশ্চয়ই খুশি হবো। তাদের কণ্ঠ ধরেই আমার গানটা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। এটা তো অবশ্যই ভালো লাগার।”

কিন্তু কপিরাইট আইন বলছে, এক্ষেত্রে মূল গানের সত্বাধিকারীর অনুমতি না নেওয়া বে-আইনী।

“আমার গানের মালিকানা আমার নিজেরই তো নেই। আমি অনুমতি দেবার কে? আমাদের দেশে গানের মালিকানা শিল্পীকে দেওয়া হয় না। গানটা কি শুধু গীতিকার-সুরকারের? আমি প্রথমবার গানে কণ্ঠ দেওয়ার পর আমিই আমার গানটা পরিবেশন অধিকার রাখি না। তবে যদি কেউ আমার কাছ থেকে অনুমতি নেয় তাহলে অব্শ্যই খুশি হবো।”

মূল গানের সুর বিকৃতির অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “মানুষের যেমন বিবর্তন হয়েছে মিউজিকেরও তেমনি বিবর্তন ঘটছে।...তারা তাদের মতো করে যদি আমার গানটা গায় তাহলে দোষের কিছু দেখি না। গায়কী তো একেক জনের একেক রকম হতে পারে। এখন আমার গান যদি কেউ আমার মতো করেই গায় তাহলে তো আমার কপি হলো। সেটা কি আমার কাছে ভালো লাগবে?”

কাভার সংয়ের দায়ে শিল্পীদের কারাদণ্ডের আইনটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তিনি বলেন, “যেখানে আমাদেরই অধিকার নেই সেখানে আমার গানটা যাওয়ার কারণে আরেকজনের ৪ বছরের জেল হবে এটা কেমন কথা?”