বিজয় দিবসের নাটকে তৌসিফ-সাফার ভিন্নরূপ
শহুরে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু ছড়িয়েছে? এমন প্রশ্ন উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘পতাকা’।
রুদ্র মাহফুজের রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। বিজয় দিবসের এই বিশেষ নাটকে ব্যাতিক্রমী দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির।
সম্প্রতি উত্তরা ৩০০ ফিট, শাহবাগ সহ ঢাকার বেশ কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যায়ন হয়েছে।
সাফা কবির বলেন, “প্রথমেই বলব, এটি গতানুগতিক কোনো গল্পের নাটক নয়। গতানুগতিক ধারা থেকে বের হয়েছি এবং নিজেকে ভাঙতে পারলাম এই প্রথম। নাটকে আমার চরিত্রের নাম মালেকা। বাসা বাড়িতে ছুটা ঝিয়ের কাজ করি।”
নির্মাতা সাইফ বলেন, “শরাফত ও মালেকা চরিত্র দিয়ে তৌসিফ ও সাফা গতানুগতিক ধারা থেকে বের হয়েছেন এবং নিজেদের ভাঙতে পেরেছেন। নাটকটিতে নাট্যকার, অভিনেতা-অভিনেত্রী প্রত্যেকেই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।”
ফ্যাক্টর থ্রি সলিউশনস এর ব্যানারে রাসেল সিদ্দিকী প্রযোজিত নাটকটি আগামী ১৬ ডিসেম্বর নাগরিক টিভিতে প্রচারিত হবে।
