ভরতনাট্যম গুরুদের কাছে প্রশংসিত বাংলাদেশের অরণী
ভারতের গুজরাত রাজ্যের বাণিজ্যিক রাজধানী আহমেদাবাদের রবীন্দ্রনাথ ঠাকুর মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘১৪তম জাতীয় নৃত্য উৎসব’। গত ২৬ অক্টোবর এই উৎসবের তৃতীয় ও শেষ দিনে ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন বাংলাদেশের নৃত্যশিল্পী অরণী ভক্ত।
অরণী বর্তমানে ভারতীয় সরকার প্রদেয় আইসিসিআর স্কলারশিপ নিয়ে উপমহাদেশের প্রখ্যাত বারোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের (এমএসইউ) পারফরমিং আর্টস ফ্যাকাল্টির অধীনস্ত ভরতনাট্যম নৃত্য বিভাগে স্নাতক সম্মান নিয়ে পড়ছেন। নৃত্য উৎসবে তিনি মূলত বাংলাদেশ ও আইসিসিআরের প্রতিনিধিত্ব করেন। এদিন তিনি দুটি নৃত্য পরিবেশন করেন। প্রথমটি ছিল গণেশবন্দনা আর শেষটি ছিল তিল্লানা।
উৎসবের অতিথি হয়ে আসা বিখ্যাত নৃত্যগুরু ও সমালোচকরা এই নৃত্যশিল্পীর নাচের ভূয়সী প্রশংসা করেছেন। পদ্মশ্রী ড. সুনীল কোঠারি, কলাগুরু লক্ষ্মীবেন ঠাকুর, এসডি দেশাই, ভিরাজবেন ভাট, উমা অনন্তানির মতো বিখ্যাত নৃত্যগুরুরা এদিন উপস্থিত ছিলেন।
এই নৃত্যগুণের কারণেই বাংলাদেশের মেয়ে অরণী স্থানীয় গণমাধ্যমেও স্থান করে নিচ্ছেন বারবার।
অরণী এর আগেও গুজরাতের বিভিন্ন মঞ্চে ভরতনাট্যম পরিবেশন করে প্রশংসিত হয়েছেন। গত মার্চে গুজরাতের গণপত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া সাংস্কৃতিক উৎসবে (সাউফেস্ট) বাংলাদেশ-আইসিসিআরের পক্ষে অংশ নেন। এছাড়া বিভিন্ন সময়ে গুজরাত বিশ্ববিদ্যালয়ের বিকে স্কুল অব ম্যানেজমেন্ট, ফরেইনার রিজিওয়ানাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), ২০১৮ সালের বিশ্ব নৃত্য দিবসে আহমেদাবাদের জেজি পারফরমিং আর্টস কলেজের আয়োজনে আমন্ত্রিত হয়ে তিনি নৃত্য পরিবেশন করেছেন।
অরণীর নৃত্যযাত্রা শুরু হয় মূলত বাংলাদেশেই। ২০১৪ সালের ডিসেম্বর থেকে ছয় মাস তিনি নাচ শেখেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন পরিচালিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে। এর কিছু দিন পরেই, ২০১৫ সালে বাংলাদেশের স্বনামধন্য নৃত্যশিল্পী লুবনা মারিয়াম পরিচালিত ‘সাধনা সাংস্কৃতিক মণ্ডলে’র শিক্ষার্থী হিসেবে তাঁর প্রকৃত নৃত্যজীবন শুরু করেন।
যে অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন পদ্মশ্রী ড. সুনীল কোঠারি। আহমেদাবাদের এই উৎসবেও অরণীর নৃত্যের প্রশংসা করে উপমহাদেশের প্রখ্যাত এই নৃত্যগুরু বলেন, “এতো অল্প সময়ে নাচ শিখে আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে নেচে যাওয়াই অরণীকে এগিয়ে নিয়ে যাবে।”
গোপালগঞ্জের মেয়ে অরণী পিতার চাকরিসূত্রে ঢাকায় জন্ম ও প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন। একটা সময় এই প্রাতিষ্ঠানিক শিক্ষার অংশ হয়েছে নৃত্যও। নিজের নৃত্য পথযাত্রা সম্বন্ধে অরণী বলেন, “ছোটবেলা থেকেই নাচের ব্যাপারে আমার আগ্রহ। কিন্তু, প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা শৈশব-কৈশোরে ছিল না, যেটা থাকলে হয়তো আরও এগোনো যেত। বাংলাদেশের মতো দেশে নৃত্যশিল্পী হতে চাওয়াটা তো একটা কঠিন স্বপ্নের পেছনে ছোটা মূলত। পরিবার-সমাজ কোন না কোনভাবে নাকচ করবেই। হয়তো সে কারণেই এ পথে স্বাধীনভাবে আসতে একটু দেরি হয়ে গেছে।”
নাচ নিয়ে নিয়ে নিজের ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে বক্তব্য হলো, ‘আমি এখনও অতি ক্ষুদ্র এক শিক্ষার্থী। প্রতিনিয়ত শিখছি। কোন একদিন বাংলাদেশে ভরতনাট্যমকে একটি শিল্প হিসেবে আরও এগিয়ে নিতে পারলে এই শেখা ও সাধনা সার্থক হবে।’
