আইয়ুব বাচ্চুবিহীন কনসার্টে আসছে এলআরবি
প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ছাড়া এই প্রথম মঞ্চে উঠছে তার দল এলআরবি।
৩১ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পারফর্ম করবে ‘এলআরবি’। দলটির প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চু ছাড়াই মঞ্চে উঠতে যাচ্ছে শোকতপ্ত দলটি। কনসার্টে আইয়ুব বাচ্চুর গানগুলো গাইবেন এক ঝাঁক শিল্পী।
এলআরবির ব্যান্ড ম্যানেজার শামীম আহমেদ গ্লিটজকে বলেন, “আয়োজকদের অনুরোধে পূর্বনির্ধারিত এ কনসার্টে অংশগ্রহণ করছি আমরা। পুরো কনসার্টটি উৎসর্গ করা হচ্ছে বসকে (আইয়ুব বাচ্চু)।”
তিনি জানান, গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্জ’-এর আয়োজনে শেকড়ের সন্ধানে শীর্ষক এ কনসার্টে গান গাইবেন কৌশিক হোসেন তাপস ও তার দল। দলে রয়েছেন- রেশমি, পুলক, শামিম, রিংকু, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবুদ্দিন, হৃদয় খান ও কুমার বিশ্বজিৎ।
শামিম আহমেদ বলেন, “গানগুলো সবাই মিলেই গাইবে। মূলত আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করেই গানগুলো করা হচ্ছে।”
এর আগে মৃত্যুর দু’দিন আগেই (১৬ অক্টোবর) ধারাবাহিক এ আয়োজনের কনসার্টে রংপুরে সর্বশেষ পারফর্ম করেন কিংবদন্তী সংগীতশিল্পী, সুরকার ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু।
