২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জসিম ইজ ব্যাক!

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জসিম আবার ফিরছেন পর্দায়। তবে সত্যিকার সেই প্রিয় নায়ক নয়, তার মতোই সাজানো হয়েছে নতুন মডেল রিয়েলকে। জসিমের চরিত্রে তিনি হাজির হবেন নতুন এক বিজ্ঞাপন চিত্রে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 07:09 PM

Updated : 11 Oct 2022, 12:42 PM

আরএফএল পাইপ এর নতুন বিজ্ঞাপনচিত্রে পুনঃআবির্ভাব ঘটতে চলেছে চিত্রনায়ক জসিমের। বাংলা চলচ্চিত্রের এ অকালপ্রয়াত নায়কের আদলে সাজানো হয়েছে নতুন মডেল রিয়েলকে। বৃহস্পতিবার রাজধানীর কোক স্টুডিওতে চিত্রায়িত হয়েছে বিজ্ঞাপনটি।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নাফিস রেজা। নির্মাতা প্রতিষ্ঠান প্যাপিরাস কম্যুনিকেশনের অডিও-ভিজুয়াল ডিরেক্টর আশরাফুল আলম রিপন বৃহস্পতিবার শুটিং চলাকালীন সময়ে জসিমের আদলে গড়া মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করে লেখেন- ‘জসিম ইজ ব্যাক!’

তার পোস্টটি তাৎক্ষণিক নজর কাড়ে গণমাধ্যসংশ্লিষ্টদের।

বিজ্ঞাপনটি সম্পর্কে গ্লিটজকে বিস্তারিত তথ্য জানান রিপন। তিনি বলেন, “চিত্রনায়ক জসিমকে আমরা চলচ্চিত্রের পর্দায় যেমন দেখেছি এখানেও তেমন করেই তার চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা প্রথমে ভেবেছিলাম বাংলা চলচ্চিত্রের যে কোন একজন নায়কের রেপ্লিকা তৈরি করে কাজটি করবো। পরে যখন দেখলাম আমাদের দলের ভেতরই এমন একজন আছেন যাকে সবাই জসিম বলে ডাকেন। তাকে গোঁফ আর মেকাপ করিয়ে দেখা গেলো সত্যিই জসিমের মতো লাগছে। তাই নায়ক জসিমের সেই দুঃখী ও সংগ্রামী  চরিত্রটিকেই আমরা প্রতিকীভাবে বিজ্ঞাপনে তুলে আনছি।”

খুব শিগগিরই টিভি পর্দায় বিজ্ঞাপনটি প্রদর্শিত হবে বলে জানান রিপন।

প্রসঙ্গত, ১৯৭২ সাল থেকে দেশের বড়পর্দায় জনপ্রিয় নাম জসিম। তাকে দেশের অ্যাকশন ফিল্মের পথপ্রদর্শকও বলা হয়ে থাকে। ১৯৯৮ সালে মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত এ অভিনেতা প্রায় একশটির মতো চলচ্চিত্রে অভিনয় করেন।