ডিরেক্টরস গ্লিল্ড সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক অলিক
নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ হক অলিক।
রাতভর ভোটগণনা শেষে শনিবার দুপুরে এফডিসিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা অভিনেতা মামুনুর রশিদ।
তিনি জানান, ৪৫৬জন ভোটারের অংশগ্রহণে প্রাপ্ত ভোট অনুযায়ি ২৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন লাভলু। তার নিকটতম প্রার্থী হিসেবে সৈয়দ আওলাদ পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে ২০২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পতে জয়ী হওয়া এস এ হক অলীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পেয়েছেন ১৭৯।
এর আগে, রাজধানীর এফডিসিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্মাতাদের সরব উপস্থিতিতে এ নির্বাচন পায় উৎসবের আমেজ। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরদিন অর্থাৎ শনিবার দুপুর সোয়া তিনটায় ভোটগণনা শেষে ফল প্রকাশ করা হয়।
এতে যুগ্ন সাধারণ সম্পাদক পদে ৩১৩ ভোট নিয়ে হৃদি হক ও ২০১ ভোট নিয়ে ফরিদুল হাসান নির্বাচিত হন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে ২৪৯ ভোটে তুহিন হোসেন, অর্থ সম্পাদক পদে ২৪৬ ভোটে সাজ্জাদ সনি ও প্রচার সম্পাদক পদে পিকলু চৌধুরী ২৬৮ ভোটে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে গাজী রাকায়েত (৩১৮), রাশেদা আক্তার লাজুক (২৮২), শিহাব শাহীন (২৬১), প্রীতি দত্ত (২৪৫), ফেরারী অমিত (২০৮), মারফ মিঠু (১৮৩), শেখ রুনা (১৮২), শহীদ-উন-নবী (১৭৬), সাজ্জাদ সুমন (১৭৫) ও মাহমুদ দিদার (১৭৪)।
টানা দ্বিতীয়বারের মতো ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক পদে জয়ী এস এ হক অলিক ফল ঘোষণার পর তার প্রতিক্রিয়ায় গ্লিটজকে বলেন, “খুবই ভালো লাগছে। দ্বিতীয়বারের মতো নির্মাতারা আমার উপর আস্থা রেখেছেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতবারের নির্বাচনের পর আমাদের অনেক পরিকল্পনা ও অসমাপ্ত কাজ ছিলো, এবারও নির্বাচিত হওয়ায় সেসব কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।”
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন। তার সঙ্গে কমিশনার হিসেবে আছেন নাট্যকার মামুনুর রশীদ ও এস এম মহসীন। আর অভিনেতা সৈয়দ হাসান ইমাম আছেন আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে।
