মঞ্চনাটকের পৃষ্ঠপোষকতায় কর্পোরেট উদ্যোগ চান সংস্কৃতিমন্ত্রী
মঞ্চনাটকের অভিনেতা-কলাকুশলীদের উন্নত প্রশিক্ষণ, সম্মানী ও মঞ্চনাটকের মান বাড়াতে সংস্কৃতিমনা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার বিকালে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির পাঁচদিন ব্যাপী নাট্যোৎসব উদ্বোধন করতে এসে তিনি বলেন, “নাট্যকর্মীদের যাদের জীবন-জীবিকা মূলত নাটকের ওপর নির্ভরশীল, তাদেরকে বাছাই করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের প্রাতিষ্ঠানিক-সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাৎসরিক সম্মানীর ব্যবস্থা করতে পারে।”
উপজেলা পর্যায়ে মঞ্চ তৈরির মাধ্যমে সরকার তৃণমূল পর্যায়েও নাট্যচর্চার সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানান নূর।
শিল্পকলা একাডেমিতে আয়োজিত নাট্যোৎসবগুলোতে সংস্কৃতি মন্ত্রণালয় ‘বিশেষ সহযোগিতা’ দিয়ে আসছে।
তবে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি এবার এক নাট্যোৎসবের আয়োজন করেছে, যে উৎসবের নাটক দেখা যাচ্ছে বিনামূল্যে।
মঞ্চনাটকের প্রতি তরুণদের সম্পৃক্ততা বাড়াতেই ‘বিনামূল্যে নাটক উপভোগের আয়োজন’ বলে জানিয়েছেন আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাজেট যখন ‘অপ্রতুল’, তখন মঞ্চনাটকের মান বৃদ্ধির জন্য থোক বরাদ্দের দাবিও উঠেছিল অভিনেতাদের মধ্য থেকে।
১৯৭৩ সাল থেকে দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়নের চল শুরু হওয়ার পর এবারই প্রথম কোনো নাটকের উৎসবে দর্শকরা বিনামূল্যে টিকিট পাচ্ছেন।
তবে উদ্বোধনী অনুষ্ঠানে এ নিয়ে কোনো মন্তব্য করেননি আসাদুজ্জামান নূর।
এদিকে আইডিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার উদ্বোধনী দিনে ‘প্রাঙ্গণেমোর’ ‘হাসনজানের রাজা’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ‘দ্য লোয়ার ডেপথস’ মঞ্চায়ন করে।
এছাড়া আরো ৮টি দল এ উৎসবে নাটক পরিবেশন করবে।
দলগুলো হলো- ঢাকা পদাতিক, পালাকার, বটতলা, ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, থিয়েটার, প্রাচ্যনাট ও নাগরিক নাট্য সম্প্রদায়।
