আমি বাংলাদেশকে ভালোবাসি: শিনা চৌহান
ভারতীয় মডেল ও অভিনেত্রী শিনা চৌহান শনিবার বাংলাদেশে এসেছিলেন বঙ্গবন্ধু গোল্ড কাপের টিম ড্র অনুষ্ঠানের উপস্থাপনায়। একদিনের সফর শেষে কলকাতায় ফিরে যাওয়ার আগে গ্লিটজের মুখোমুখি হলেন তিনি।
বাংলাদেশে মোস্তফা সরয়ার ফারুকী পিঁপড়া বিদ্যা দিয়ে দর্শকের মন হরণ করে নিয়েছিলেন ভারতীয় মডেল ও অভিনেত্রী শিনা চৌহানের। তারপরপরই বিপিএল উপস্থাপনায় আরও কাছাকাছি এসেছেন বাংলাদেশের দর্শকদের। ডাক পেলেই ছুটে আসছেন কলকাতার এ আদি বাসিন্দা। বাংলায় লেখা-পড়া ও অভিনয়ের প্রাথমিক হাতেখড়ি তার কলকাতাতেই। তাই বাংলাদেশকেও ভাবেন আপন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তর জানেন শিনা। বঙ্গবন্ধু নামেই যে বাংলার মানুষ শেখ মুজিবুর রহমানকে চেনেন সে কথা উচ্চারণ করলেন তিনিও।
তিনি আরও বলেন, “খুব চমৎকার আতিথেয়তা দেখিয়েছেন আয়োজকরা। আমি খেলা ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। সবমিলে এটা একটা লাইভ ইভেন্ট হোস্ট করার অভিজ্ঞতাটা অন্যরকম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও ধন্যবাদ জানাতে চাই।”
অনুষ্ঠান শেষেই ছুটলেন বাংলাদেশি পণ্যের জন্য খ্যাত আড়ং-এ। মায়ের জন্য সেখান থেকে এটা সেটা শপিং করবেন এ ভেবেই খুব উত্তেজিত শিনা। রাতের ফ্লাইটেই কলকাতা ফিরছেন। যাওয়ার আগে বললেন, টুর্নামেন্ট উপস্থাপনায় থাকছি কিনা এখনও নিশ্চিত নই। যদি ফিরি তবেই জানাবো।
সুযোগ পেলেই মঞ্চে ফেরেন। মুম্বাইয়ে মঞ্চনাটক নিয়ে ব্যস্ততা যাচ্ছে শিনা চৌহানের। আগামী অক্টোবরে মঞ্চস্থ হবে তার পরবর্তী নাটক।
মিস কলকাতা হয়েছিলেন এ মডেল ও অভিনেত্রী। ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স—আই অ্যাম শি’ প্রতিযোগিতায় জিতেছেন ‘আই অ্যাম ভয়েস’ পুরস্কার। জাতিসংঘের ‘ইয়ুথ ফর হিউম্যান রাইটস’ প্রকল্পের শুভেচ্ছা দূত হয়েও কাজ করছেন তিনি।
বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন পণ্যের জন্য মডেলিং আর উপস্থাপনা নিয়েও ব্যস্ত সময় কাটছে তার। সম্প্রতি রনভীর সিংয়ের সঙ্গেও একটি আন্তর্জাতিক পণ্যের পরিচিতিমূলক অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা গেছে তাকে।
চলচ্চিত্রের হাতেখড়ি অনুপম খের ফিল্ম ইনস্টিটিউটে। এ ইনস্টিটিউট থেকে দিপিকা পাডুকোনের মতো অনেক বড় বড় অভিনয়শিল্পীর আত্মপ্রকাশ ঘটেছে। কলকাতার মেয়ে হলেও শিনা চৌহানের অভিষেক ঘটে মালায়লাম ফিল্মে। মালায়লাম সিনেমার তারকা মাম্মত্তির সঙ্গে ‘ট্রেন’ মুভিতে অভিনয় করেন তিনি। মালায়ালাম আর বাংলা মিলিয়ে চার বছরে অভিনয় করেছেন ছয়টি সিনেমায়।
বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের অপেক্ষা এখনও তার মনে মনে। বললেন, “আমি এখানে ছবি করতে পারলে খুব ভালো লাগতো। অপেক্ষা করছি একটা সঠিক চিত্রনাট্য আর নির্মাতার জন্য।”
এয়ারপোর্টের দিকে যখন যাচ্ছিলেন ঢাকার সন্ধ্যার আকাশে বৃষ্টি। শিনা বললেন, “বৃষ্টি আর মিষ্টি আমার ফেভারিট, হা হা”।
