মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেলেন তাপস ও মুন্নী
গানবাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান উইন্ড অব চেঞ্জ-এর ‘মিউজিক ফর পিস’ প্রজেক্টের জন্য পুরস্কৃত হলেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী।
গানবাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’-এর পেছনের কারিগর কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। একজন সংগীত পরিচালক ও শিল্পী তো অন্যজন অনুষ্ঠান প্রযোজনায়।
দেশি-বিদেশী মিউজিশিয়ানদের অংশগ্রহনে নতুন সংগীতায়োজনে দেশিয় সংগীতকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছেন তারা দু’জন। এ আয়োজনের ‘মিউজিক ফর পিস’ বা ‘শান্তির জন্য সংগীত’-শ্লোগানটির সঙ্গে একাত্মতা পোষণ করে মতামত দিয়েছেন দেশি-বিদেশী নানা মিউজিশিয়ান। তাদের মতে, যুদ্ধ-বিগ্রহ ও অশান্তির এই পৃথিবীতে কেবল গানই পারে শান্তির খোঁজ দিতে। আর সেজন্য তারা গানের মাধ্যমে শান্তিকে অন্বেষণের জন্য ‘মিউজিক ফর পিস’ শ্লোগানের স্বপক্ষে দাঁড়িয়েছেন।
গানবাংলা টিভির এমন উদ্যোগকে স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির দুই অধিকর্তা তাপস-মুন্নি অর্জন করলেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’।
২৬ অগাস্ট দুপুরে কলকাতার সত্যজিত রায় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন তারা।
এ প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, “মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার প্রদান কমিটিকে অনেক ধন্যবাদ আমাদেরকে সম্মানিত করবার জন্য। আমি ও মুন্নী এভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে পারায় অনেক গর্ববোধ করছি। ‘উইন্ড অফ চেঞ্জ’র সঙ্গে জড়িত প্রতিটি সদস্যকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সম্মানানা আমাদেরকে শুধু উৎসাহিত করবে না, তার সঙ্গে সঙ্গে আরও দায়িত্বের সঙ্গে মিউজিক এর প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে সহযোগীতা করবে।
তিনি আরও বলেন, “এই পুরস্কার শুধু আমাদের নয়, উইন্ড অফ চেঞ্জ এর সঙ্গে জড়িত এবং যারা আমাদের মিউজিক ভালোবাসেন সকলের।”
প্রসঙ্গত, গানবাংলা টেলিভিশনে এবার ঈদুল আযহায় প্রচারিত হয় ‘উই- অব চেঞ্জ সিজন-৪’। এবারের সিজনে সঙ্গীত পরিবেশন করেন- কাঙ্গালিনি সুফিয়া, রথীন্দ্রনাথ রায়, আইয়ুব বাচ্চু, ফেরদৌস আরা, কাদেরী কিবরিয়া, অদিতি মহসিন, শফি মন্ডল, ফুয়াদ ফিচারিং ফায়রুজ, মান্নান মোহাম্মদ, তন্ময় তানসেন, পারভেজ, রিংকু, ঐশী, তাপস অ্যান্ড ফ্রেন্ডস, মিকাল হাসান ব্যান্ড ফিচারিং তাপস, পুলক প্রমুখ।
এবারের সিজনে ২০টিরও বেশি দেশের ৩৫ জন মিউজিশিয়ান অংশগ্রহণ করেন।
