২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সৌমিত্র-ঈশিতার ‘কাঠপেন্সিল’

দুই দিনে দু’টি নাটক নিয়ে ঈদের টিভি পর্দায় সরব হয়েছেন ঈশিতা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 06:40 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

শনিবার চ্যানেল আইতে প্রচারিত হতে যাচ্ছে ঈশিতা অভিনীত রেদওয়ান রনি পরিচালিত নাটক ‘পাতা ঝরার দিন’। তার একদিন পরই এ অভিনেত্রীর আরেকটি টেলিফিল্ম প্রচারিত হবে এটিএন বাংলায় রাত ১১টা ৩০ মিনিটে।

রাফায়েল আহসানের চিত্রনাট্য ও পরিচালনায় ‘কাঠপেন্সিল’-এর মাধ্যমেই দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ঈশিতা। নাটকটিতে তিনি অভিনয় করেছেন দুই বাংলার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টেপাধ্যায়ের বিপরীতে।

ঈশিতার ভাষ্যে এটি ছিলো তার ‘রোমাঞ্চকর প্রত্যাবর্তন’। কলকাতায় ২৩ থেকে ২৬ এপ্রিল নাটকটির প্রথম অংশের শুটিং সেরে বাকি অংশের শুটিং বাংলাদেশে করেছেন নির্মাতা। ঈদ উপলক্ষে এবার দর্শক দেখতে পারবেন নাটকটি।

নির্মাতা বললেন, “আমার জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা। দুইজন প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করতে পেরেছি। সৌমিত্র দা’র মতো অভিনেতা যার সঙ্গে কাজ করার ব্যাপারে প্রতিটি নির্মাতারই আগ্রহ থাকে তার সঙ্গে কাজ করতে পেরে অনেক কিছু শিখেছি জেনেছি। ঈশিতাও আমাকে অনেক সহযোগিতা করেছে। নার্ভাস হলে সাহস জুগিয়েছে। ঈদ উপলক্ষে নাটকটি মুক্তি দেয়ার ইচ্ছে ছিল। সঠিক সময়েই নাটকটি মুক্তি পেতে যাচ্ছে।”

নাটকটি প্রসঙ্গে ঈশিতা গ্লিটজকে বলেছিলেন, “চারবছর পর ক্যামেরার সামনে অভিনয় করতে দাঁড়ানো একটু তো ভয় পাচ্ছিলামই। কারণ চর্চার ব্যাপার আছে। অনেকদিন করি না। তারওপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো এতবড় অভিনেতার সঙ্গে কাজ করতে গেলে একটু প্রিপারেশন তো লাগেই। স্ক্রিপ্ট ভালোভাবে পড়ে গিয়েছিলাম। সম্পূর্ণ অভিজ্ঞতা ভালো, আমি বলবো, এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।”

টেলিফিল্মের গল্পটি এমন- সৌমিত্র চট্টোপাধ্যায়ের শৈশব কৈশর কেটেছে বাংলাদেশে। এখন তিনি বিখ্যাত চিত্রশিল্পী। কলকাতায় তার সাক্ষাৎকার নিতে যান ঈশিতা। সৌমিত্রর কাছ থেকে তার জীবনের গল্প শুনতে শুনতে ঈশিতার নিজের জীবনেরও অনেক সত্য উন্মোচিত হতে থাকে।

এতে ঈশিতার ছাড়াও অভিনয় করেছেন অর্ণব অন্তু, গার্গি ব্যানার্জী, অনুপ কুমার অমৃত প্রমূখ। কলকাতার ঘোষবাড়ি শুটিং হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ট্রাম স্টেশন, গঙ্গার পাড়সহ শহরের বিভিন্ন রাস্তায় ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে টেলিফিল্মটি।