আবদুল্লাহ আবু সায়ীদের গল্পে মৌসুমী
আবদুল্লাহ আবু সায়ীদের গল্প অবলম্বনে নির্মিত হলো টেলিফিল্ম ‘রুবিরন’।
২৫ জুলাই শিক্ষাবিদ ও সাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদের ৮০তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষ্যে চ্যানেল আইতে প্রচারিত হতে যাচ্ছে তারই লেখা অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘রুবিরন’। নাটকটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী।
চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমীরুল ইসলামের তত্বাবধানে টেলিফিল্মটি পরিচালনা ও অভিযোজিত চিত্রনাট্য করেছেন মোঃ মাহফুজুল হক এবং মাইনুল হাসান হীরা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সালমান রাইয়ান।
নাটকটি প্রসঙ্গে আমীরুল ইসলাম গ্লিটজকে বলেন, “স্যারের জন্মদিন উপলক্ষ্যে নাটকটি নির্মাণের উদ্যোগ নিয়েছি আমরা। তারই গল্প অবলম্বনে এটি নির্মিত। গৃহকর্ত্রীর সামান্য ভুলে একজন গৃহকর্মীর পতিতায় রূপান্তরিত হওয়ার গল্প এই টেলিছবিতে দেখানো হয়েছে।”
মৌসুমী ছাড়াও এতে অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, কৃতিকা, কাজী উজ্জ্বল, শিরীন বকুল, বি এম আজাদ, সাজু মেহেদী, শাহনেওয়াজ, তিথি, শারিকা, রিন্টু প্রমুখ।
টেলিফিল্মটি প্রযোজনা করেছেন হারুন রশীদ খন্দকার। চ্যানেল আইতে এটি প্রচারিত হবে ২৫ জুলাই দুপুর ৩টা ৫ মিনিটে।
