২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল্লাহ আল মামুন স্মরণ ও নাট্যপ্রদর্শনী

বাংলাদেশে নবনাট্যচর্চার অন্যতম পথিকৃৎ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা আবদুল্লাহ আল মামুনের ৭৬তম জন্মবার্ষিকী আগামী ১৩ জুলাই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2018, 07:37 PM

Updated : 08 Apr 2022, 06:41 PM

বহুমাত্রিক এই শিল্পস্রষ্টার জন্মদিন উপলক্ষ্যে তাঁরই নাটকের দল ‘থিয়েটার’ আয়োজন করেছে স্মৃতিচারণ অনুষ্ঠান ও আবদুল্লাহ আল-মামুনের নাটকের প্রদর্শনী। দলসূত্রে জানা যায়, ঐদিন বিকেল ৪ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে তাঁর সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন নাট্যসারথি আতাউর রহমান, অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী ও সুবর্ণা মুস্তাফা।

স্মৃতিচারণ অনুষ্ঠানটি থাকছে সবার জন্য উন্মুক্ত। তবে, সান্ধ্য আয়োজনে রয়েছে দর্শনার্থীর বিনিময়ে ‘থিয়েটার’-এর নাটক। সন্ধ্যা ৭ টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে আবদুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত নাটক ‘মেরাজ ফকিরের মা’।

নাট্য সংগঠন থিয়েটার-এর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন আবদুল্লাহ আল মামুন।

তার উল্লেখযোগ্য মঞ্চনাটকগুলো হল ‘সুবচন নির্বাসনে’, ‘এখনও দুঃসময়’, ‘সেনাপতি’, ‘এখনও ক্রীতদাস, ‘কোকিলারা’, ‘দ্যাশের মানুষ’, ‘মেরাজ ফকিরের মা’, ‘মেহেরজান আরেকবার’ ইত্যাদি।

বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক আবদুল্লাহ আল মামুন পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

শহীদুল্লা কায়সারের উপন্যাস ‘সংশপ্তক’ নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণের পর তুমুল জনপ্রিয়তা পান তিনি।

তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘সখী তুমি কার’, ‘এখনই সময়’, ‘জোয়ারভাটা’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘দুই বেয়াইয়ের কীর্তি’, ‘দরিয়াপাড়ের দৌলতি’।

১৯৮০ সালে ‘এখনই সময়’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০০ সালে পান একুশে পদক। ২০০৮ সালের ২১ অগাস্ট মারা যান আবদুল্লাহ আল মামুন।