ভালোবাসা থেকেই ব্রাজিলের জার্সি পরেছি: আইরিন
ব্রাজিলের জার্সি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেন চিত্রনায়িকা আইরিন।
ব্রাজিলের ভক্ত চিত্রনায়িকা আইরিন। বিশ্বকাপ ফুটবল জ্বরে অন্যসব তারকার মতো তিনিও ভুগছেন ফুটবল জ্বরে। তার বিশ্বাস এবার বিশ্বকাপ যাবে ব্রাজিলের ঘরেই। তাই ব্রাজিলের জার্সি পরে দাঁড়িয়ে গেলেন জনপ্রিয় আলোকচিত্রীশিল্পী আবু নাসেরের ক্যামেরার সামনে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছবিগুলো প্রকাশ করতেই প্রশংসার বানে ভাসছেন এ নায়িকা।
সোমবার ব্রাজিল-মেক্সিকোর ম্যাচের আগমুহূর্তে গ্লিটজকে বললেন, “আমি ব্রাজিলের অন্ধভক্ত। বিশ্বকাপতো আর হরহামেশা হয় না। তাই এবারের বিশ্বকাপ আসতেই তাই আমি আর আমার ফটোগ্রাফার আবু নাসের ভাই ব্রাজিলের সাপোর্টে ছবিগুলো তুলেছি। চট করে সিদ্ধান্ত নিয়ে এটা করা। ভালোবাসা থেকে ব্রাজিলের জার্সি পরেছি। কোন কমার্শিয়াল কাজে নয়। আজকের ম্যাচে আশা করছি ব্রাজিলই জিতবে।”
সম্প্রতি শুটিং শেষ হয়েছে বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’, সাইফ চন্দনের ‘টার্গেট’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’ ও অরণ্য পলাশের ‘গন্তব্য’ চলচিত্রের। এগুলো ছাড়াও আবু সায়ীদ পরিচালিত ‘একজন কবির মৃত্যু’ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
