সিনেমার জন্য ‘প্রেম’ চাইলেন শাকিব-বুবলি
“সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে একটা প্রেম এখন সত্যিই দরকার। প্রেমটা সরকারের পক্ষ থেকেই দরকার।”- নিজের নতুন ছবি ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে দাঁড়িয়ে এমনটাই বললেন চিত্রনায়ক শাকিব খান।
সেলিম খানের প্রযোজনায় শাহিন সুমনের পরিচালনায় চলচ্চিত্রটিতে ফের জুটি বাঁধছেন শাকিব-বুবলি। শুটিং শুরু হবে শিগগিরই, চলছে প্রস্তুতি। তার আগে মঙ্গলবার চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্রটির কলাকুশলীরা।
মহরত অনুষ্ঠানে শাকিব খান নিজের বক্তব্যে বলেন, “আমি যখনই মাননীয় তথ্যমন্ত্রীর কাছে গেছি, তিনি মন থেকে সহযোগিতা করেছেন। এখন ভালো সিনেমার জন্য সত্যিই প্রেম করা দরকার। যারা ভালো সিনেমা বানাচ্ছে তাদের জন্য ভালোবাসা দরকার, তাদের সহযোগিতা দরকার, তাহলে সিনেমার উন্নতি হবে। সরকার সিনেমার উন্নয়নে যাদের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে তারা একটু প্রেমটা দেখান সিনেমার জন্য। আপনাদের দেখা উচিত দর্শক কি চাইছে- দর্শক মানহীন সিনেমা চাইছে না উন্নতমানের সিনেমা চাইছে। কোটি দর্শকের চাওকে মূল্যায়ন করুন।”
শাকিব খান আরও বলেন, “গরমের মধ্যে ভাঙা চেয়ারে বসে মফস্বলগুলোতে সিনেমা দেখছে দর্শকরা। তাদের ভালোবাসাকে মূল্যায়ন করুন। একটি ভালো সিনেমার জন্য প্রেম দেখান, দেখবেন সেই সিনেমাই আমাদের দেশ কৃষ্টি-কালচারকে শুধু দেশেই না ইন্টারন্যাশনালি তুলে ধরবে। এ ছবিটাও অনেক ভালো হবে বলে পরিচালক-প্রযোজকসহ সবার উপর বিশ্বাস রাখছি।”
চলচ্চিত্রটি সম্পর্কে চিত্রনায়িকা বুবলি বলেন, “ একটি সুন্দর চলচ্চিত্রের আজকে মহরত। আমি বলবো শুধু সরকারের নয়, একটা ভালো সিনেমার জন্য একটি প্রেম দরকার মাননীয় সাংবাদিকগণ। দিনশেষে একটি চলচ্চিত্র দেখতে চাই, যার জন্য আমরা সবাই এক হয়েছি। খুব গুণী একজন নির্মাতা শাহীন সুমন। তার সঙ্গে আমার এটি প্রথম কাজ। চলচ্চিত্রের প্রযোজক সেলিম খান দেশিয় চলচ্চিত্রের দুর্দিনে এগিয়ে এসেছেন এটিও অনেক ইতিবাচক।”
এদিকে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রযোজনায় শাকিব-বুবলি অভিনীত ‘ক্যাপ্টেন খান’ চলচ্চিত্রটির নির্মাণও প্রায় শেষের দিকে। শাকিব-বুবলির মুখ থেকে ঝরলো এর নির্মাতা ওয়াজেদ আলী সুমন ও প্রযোজক সেলিম খানের প্রতি প্রশংসা বাক্য।
আসছে ঈদ উল আযহায় চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানালেন শাকিব খান।
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক সেলিম খান, শাহীন সুমন, ওয়াজেদ আলী সুমন, চিত্রনায়ক সম্রাট, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন তারাও।
