২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় মেড থেটারের ‘নদ্দিউ নতিম

আগামী ৮ জুন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে প্রদর্শিত হবে ম্যাড থেটার প্রযোজিত ‘নদ্দিউ নতিম’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 10:14 PM

Updated : 25 Jul 2022, 08:33 PM

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম।

নাটকটির নতুন মঞ্চায়ন প্রসঙ্গে তিনি গ্লিটজকে বলেন, “২০১৮ সালে শিল্পকলা একাডেমিতে ‘নদ্দিউ নতিম’ এর একটি মাত্র প্রদর্শনী হয়েছে গত মার্চ মাসে। নাটকটির ২য় প্রদর্শনী হতে যাচ্ছে ৮ জুন। এর আগে গত নভেম্বরে লন্ডনে এর ৩টি প্রদর্শনী হয়। এরপর থেকে প্রতিটি প্রদর্শনীতে দর্শকদের মাঝে অভূতপূর্ব সাড়া ফেলে যায় নাটকটি।”

বর্তমান সময়ে একজন মানুষ অন্য একজনকে হত্যার জন্য আত্মাহুতি দিচ্ছে। এই নাটকে দেখা যায় একজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বাঁচাতে একজন কবির নির্বিকার আত্মাহুতি। অন্যকে হত্যা করতে নয় বরং বাঁচাতেই আরেক মানুষের জীবন উৎসর্গ, যা এই সময়ের জন্য এক অনন্য আদর্শ হিসাবে পরিগণিত। এই নাটকে একটি কাল্পনিক পরিবারের কাহিনি মঞ্চস্থ হয় যা একটি বাস্তব পরিবারের সদস্যরা অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে ফুটিয়ে তোলে।

নাটকটিতে অভিনয় করেছেন একই পরিবারের তিন সদস্য আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসংগীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন, আরিফ আহমেদ ও আবহসংগীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান।