বাঁধনের পর ‘দহন’কে না বললেন পূর্ণিমা
জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ চলচ্চিত্রে অভিনেত্রী বাঁধনের ছেড়ে দেওয়া চরিত্রে আরেক অভিনেত্রী পূর্ণিমার অভিনয়ের খবর শোনা গেলেও বুধবার ছবিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
ছবিটি ছাড়ার কারণ হিসেবে পূর্ণিমা রাতে গ্লিটজকে জানান, শিডিউল নিয়ে জটিলতার কারণে এ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
এর আগে গত ৩০ এপ্রিল রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির নায়িকা হিসেবে ছোটপর্দার অভিনেত্রী বাঁধনের নাম ঘোষণা করা হয়।
ঘোষণার ১৫ দিনের মাথায় শিডিউল জটিলতার কারণ দেখিয়ে তিনি ছবিটি থেকে সরে দাঁড়ালে তার চরিত্রে পূর্ণিমাকে নেওয়া হয়। এতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয়ের কথা ছিল পূর্ণিমার।
শিডিউল জটিলতার পাশাপাশি ছবিটি ছাড়ার পেছনে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনকেও দায়ী করছেন এ অভিনেত্রী।
সপ্তাহজুড়েই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘বাঁধনের ছেড়ে দেওয়া ছবিতে পূর্ণিমা’সহ নানা ধরনের সংবাদে বেশ বিরক্ত হয়েছেন বলে গ্লিটজকে জানান পূর্ণিমা।
অনেক সংবাদমাধ্যমে এসেছে, প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ না পাওয়াতেই ছবিটি ছেড়েছেন তিনি।
তবে পূর্ণিমা গ্লিটজকে বলেন, “চরিত্র নিয়ে আমার আগেই কথা হয়েছে। ছবির মেইন রোল কিংবা সাইড রোল সবই গুরুত্বপূর্ণ। আসলে ওটা কোনো কারণ নয়। আমি আসলে সময়টা দিয়ে কাজ করতে পারব না।”
হঠাৎ করে ছবিটি ছেড়ে দেওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, “নাহ। ভুল বোঝাবুঝির কোনো সম্ভাবনা নাই।”
পূর্ণিমার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।
ছবিটি পরিচালনা করছেন তরুণ পরিচালক রায়হান রাফি। মে মাসের দিকে শ্যুটিং শুরুর কথা থাকলেও কাস্টিং নিয়ে জটিলতায় পেছানো হয়েছে তারিখ।
