২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পজেটিভ বাংলাদেশ দেখাতে চাই: রোকেয়া প্রাচী

ফের নির্মাণে সক্রিয় হলেন রোকেয়া প্রাচী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 06:27 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

অভিনয় থেকে দূরে সরে গিয়ে রাজনীতিতেই ব্যস্ত সময় কাটছে তার। তারই ফাঁকে নতুন ধারাবাহিক নাটক নির্মাণে হাত দিলেন জনপ্রিয় এ তারকা। মাতিয়া বানু শুকুর রচনায় ‘সোনালী দিন’ নাটকটি প্রচারিত হবে বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে।

১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন থেকে শুরু হয়ে রাজধানীর গুলশান, উত্তরা, তিনশফিট সহ বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।

তারকাবহুল নাটকটিতে অভিনয় করছেন, হাসান ইমাম, ডলি জহুর, চম্পা, শিল্পী সরকার অপু, তৌকির আহমেদ, তারিন, আশনা হাবিব ভাবনা, অহনা, শতাব্দি ওয়াদুদ, তানভীর মাসুদ, মনোজ কুমার, লিলিয়া।

নাটকটি প্রসঙ্গে রোকেয়া প্রাচী গ্লিটজকে বলেন, “এটি একটি ফ্যামেলী ড্রামা। পরিবারগুলোতে আমরা এখন যেমন দেখছি, সবাই সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।  এসব ক্ষেত্রে আমরা সাধারণত যেসব সমস্যায় ভূগি তার মূল কারণটা হলো দুরত্ব। পারস্পরিক যোগাযোগহীনতা। আরেকটা ব্যাপার হলো সবকিছুকে নেতিবাচকভাবে দেখা। আসলে কোনকিছুই নেতিবাচক না।

সবই ইতিবাচকভাবেই নেয়া উচিত আমাদের। এই নাটকে আমরা পজেটিভ রিলেশনশিপ দেখাতে চাই, পজেটিভ উদ্যোগ-উদ্যম স্বপ্ন দেখাতে চাই, কর্মঠ মানুষ দেখাতে চাই, মানুষ কাজ করছে, মানুষ মানুষকে সহযোগিতা করছে এ ব্যাপারটা দেখাতে চাই। এক কথায় বলতে গেলে পজেটিভ বাংলাদেশ দেখাতে চাই।”

অভিনয় থেকে দূরে সরে বর্তমানে রাজনীতিতেই বেশি সময় দিতে আগ্রহী রোকেয়া প্রাচী। আসন্ন সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ ও সরকারের উন্নয়ন প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার।

“নাটক নির্মাণকে পেশা হিসেবেই দেখছি। আমার সব ধ্যান জ্ঞান এখন আমার এলাকার জনগণ। তাদের স্বপ্ন বাস্তবায়নে নিজেকে উজাড় করে দিতে চাই। ”-বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী।