২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাল্ট উৎসবে বেস্ট ফিল্ম অব নেচার ‘প্যারাডাইজ নেস্ট’

কলকাতার ১৭তম আন্তর্জাতিক কাল্ট চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিল্ম অব নেচার নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘প্যারাডাইজ নেস্ট’। তথ্যটি গ্লিটজকে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা আরিফ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2018, 06:00 PM

Updated : 08 Apr 2022, 06:16 PM

তিনি বলেন, “সংবাদটি শুনে অনেক ভালো লাগছে। এর আগেও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি।

এটা আমার একার নয় আমার দেশেরও প্রাপ্তি। কর্তৃপক্ষ আমাকে একটি মেইলের মাধ্যমে ছবিটির নির্বাচিত হওয়ার খবর জানিয়েছে এবং সার্টিফিকেট পাঠিয়েছে।

খুব শিগগিরই পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি হাজির হবো।”

পাখিটির নাম দুধরাজ। দেখতে বুলবুলির মতো হলেও এ পাখি বুলবুলির সমগোত্রীয় নয়। একটা নীড়কে কেন্দ্র করে সে পাখির যাপিত জীবন, বোধ, বেড়ে ওঠা, প্রকৃতির সঙ্গে সংগ্রাম, প্রেম-ভালোবাসা এমনকি ইকো সিস্টেমের শিকার হওয়ার মতো বিষয়গুলো উঠে এসেছে ফিল্মটিতে।

নির্মাতা জানিয়েছেন, মানুষের মতো পাখিরাও যে চলচ্চিত্রের বিষয় হয়ে উঠতে পারে এটা দেখিয়েছিলেন বিখ্যাত নির্মাতা আলফ্রেড হিচকক। এই অভিনব বিষয়টি ‘প্যারাডাইজ নেস্ট’-এর ভেতর দিয়ে দেখাবেন তিনি।

পাখি নিয়ে সিনেমা করার ভাবনা কীভাবে এলো?

নির্মাতা বললেন, “ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির প্রতি এমনিতেই বছর কয়েক ধরে মারাত্মক ঝোঁক আমার। বাংলাদেশের এমন কোনো বন, সমুদ্রপাড় নেই যেখানে আমি ছবি তুলতে যাইনি। কুষ্টিয়ার এক জঙ্গলে পাখির ছবি তুলতে গিয়ে পাখির জীবন যাপনের সঙ্গে নতুন করে আমার পরিচয় হয়।

তখন মনে হয়, পৃথিবীতে কত ছোট ছোট প্রাণী রয়েছে যাদের জীবন-রহস্য এক একটি ভিন্ন ধারার সিনেমার বিষয় হয়ে উঠতে পারে।

তখন স্থিরচিত্রের থেকে আমার মনে হলো যদি ভিডিওতে তাদের পুরো যাপনটা আমি ধরতে পারতাম! সেই ভাবনা থেকেই দিন রাত লেগে ছিলাম ‘প্যারাডাইজ নেস্ট’-এর জন্য।”

এর আগে ‘প্যারাডাইজ নেস্ট’ প্রদর্শিত হয়েছে ইতালিতে, রাজস্থানে এবং আমেরিকার  ৪১তম ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যালে।